
X
অনুশীলনে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি ও লিওনেল মেসি।
চতুর্থবারের মতো কি তবে দেখা মিলবে সেই বিরল দৃশ্যের? টানা দ্বিতীয়বার বিশ্বজয়ের অভিযানে এটা কি তবে কোনো বিশেষ ইঙ্গিত?
দীর্ঘ আট বছরেরও বেশি সময় ধরে চলা ১০১ ম্যাচের এক চক্রে লিওনেল স্কালোনি শুরুর একাদশ অপরিবর্তিত রেখেছেন মাত্র তিনবার! একাদশ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা যার চিরচেনা স্বভাব, তার জন্য একই দল ধরে রাখাটা আসলেই এক বড় ব্যতিক্রমই। তবে এবারের বিশ্বকাপে কি প্রথমবারের মতো এই বিরল ঘটনার পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে? উত্তর হলো—এর জোর সম্ভাবনা রয়েছে।
আগামী রোববার বাংলাদেশ সময় সকাল ৭টায় বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। শেষ ষোলোতে মিশরের বিপক্ষে শুরুর একাদশে বেশ ভুগতে হয়েছিল লিওনেল স্কালোনির দলকে। এরপরও সুইসদের বিপক্ষে অপরিবর্তীত একাদশ নিয়ে মাঠে নামবে কি না ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা সেটাই এখন দেখার।
অতীতে কোন কোন ম্যাচে একাদশ অপরিবর্তিত রেখেছিলেন স্কালোনি? ২০১৯ কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনালে; ২০২২ কাতার বিশ্বকাপ জয় উদযাপনের অংশ হিসেবে পানামা ও কুরাসাওয়ের বিপক্ষে খেলা দুটি প্রীতি ম্যাচে; আর সবশেষ ২০২৪ কোপা আমেরিকার সেমিফাইনালে কানাডা এবং ফাইনাল ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে।
গত বৃহস্পতিবারের অনুশীলন সেশনে আলবিসেলেস্তেদের কোচ স্কালোনি কৌশলগত ভাবনার কিছু আভাস দিয়েছেন বলে জানিয়েছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ওলে’। সেদিন প্রথাগত কোনো প্রস্তুতি ম্যাচ না হলেও, মাঠের নির্দিষ্ট কিছু পজিশন ধরে ধরে কঠোর অনুশীলন করিয়েছেন তিনি। আর তাতেই ইঙ্গিত মিলছে, মিশরের বিপক্ষে ৩-২ ব্যবধানের রোমাঞ্চকর জয় পাওয়া সেই শুরুর একাদশটিকেই হয়তো সুইজারল্যান্ডের বিপক্ষে আবারও মাঠে নামাতে যাচ্ছেন স্কালোনি।
সবচেয়ে স্বস্তির খবর হলো, দলের সব খেলোয়াড়ই এখন সম্পূর্ণ ফিট। পেশির টান বা ক্র্যাম্প থেকে পুরোপুরি সেরে উঠেছেন ক্রিস্তিয়ান রোমেরো। তবে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী প্রয়োজন পড়লে কিংবা শুক্রবারের শেষ অনুশীলনে যারা শারীরিক ক্লান্তি অনুভব করছিলেন, তাদের কোনো সমস্যা হলে বিকল্প হিসেবে কিছু পরিবর্তনও ঝালিয়ে নিয়েছেন কোচ।
অনুশীলনের একপর্যায়ে ডিফেন্স মজবুত করতে নিকোলাস ওতামেন্দিকে নামানো হয়েছিল, আর লেফট-ব্যাকে খেলানো হয়েছিল ফাকুন্দো মেদিনাকে। এছাড়া আক্রমণভাগেও পরখ করে নেওয়া হয়েছে নিকোলাস গঞ্জালেস ও লাউতারো মার্তিনেজকে। কাকতালীয় হোক বা না হোক, মিশর ম্যাচের শুরুর একাদশে থাকা পাঁচ বদলি খেলোয়াড়ের চারজনই ছিলেন তারা (পঞ্চম খেলোয়াড়টি ছিলেন গনসালো মন্টিয়েল, যিনি স্কোয়াডের একমাত্র খেলোয়াড় হিসেবে হলুদ কার্ড দেখেছেন।
আর্জেন্টিনা তাদের রক্ষণভাগের দ্রুত অবস্থান পরিবর্তনের ক্ষেত্রে দল কিছু ভুলত্রুটি করেছে, যা নিয়ে ইতিমধ্যেই কাটাছেঁড়া শুরু করেছে কোচিং স্টাফ এবং ম্যাচের আগেই তা শুধরে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করা হবে। তবে দলের ইতিবাচক মানসিকতা আর মাঠের বিভিন্ন সময়ে একের পর এক আক্রমণ ও দারুণ সব সুযোগ তৈরি করার ক্ষমতা ছিল বেশ চোখে পড়ার মতো। তাই সব সমীকরণ মিলিয়ে সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার চেনা ও সম্ভাব্য সেরা একাদশটিই মাঠে নামার জোর সম্ভাবনা রয়েছে।ঝড়পপবৎ
সুইজারল্যান্ড ম্যাচের সেই সম্ভাব্য শুরুর একাদশ: এমিলিয়ানো মার্তিনেজ; নাহুয়েল মোলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, তাগলিয়াফিকো; রদ্রিগো দে পল, লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার; লিওনেল মেসি এবং হুলিয়ান আলভারেজ।