রোনালদোকে স্বাগত জানাতে প্রস্তুত পর্তুগালের নতুন কোচ

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে দল ও সমর্থক কারো প্রত্যাশাই পূরণ করতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনালদো। সামনে কি জাতীয় দলে জায়গা

2026-07-11T20:23:43+00:00
2026-07-11T20:23:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রোনালদোকে স্বাগত জানাতে প্রস্তুত পর্তুগালের নতুন কোচ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৮:২৩ পিএম   (ভিজিট : ১৭)
পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।
X

পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।

ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে দল ও সমর্থক কারো প্রত্যাশাই পূরণ করতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনালদো। সামনে কি জাতীয় দলে জায়গা পাবেন ৪১ বছর বয়সী পর্তুগিজ মহাতারকা? ৭১ বছর বয়সী নতুন কোচ জর্জে জেজুস বলেছেন, তার কাছে বয়স কোনো বিষয় নয়। ফর্মে থাকলে রোনালদোকে দলে ডাকতে আপত্তি নেই তার।

স্পেনের বিপক্ষে শেষ ষোলোর লড়াইয়ে ১-০ গোলে হেরে উত্তর আমেরিকা বিশ্বকাপ থেকে বিদায় নেয় পর্তুগাল। এর তিন দিন পর, গত শুক্রবার জেসুসকে নতুন কোচ হিসেবে নিয়োগ দেয় তারা। জেজুসের সঙ্গে চুক্তি চার বছরের জন্য। আগামী ২০৩০ সালের বিশ্বকাপ পর্যন্ত পর্তুগালের প্রধান কোচের দায়িত্বে থাকবেন তিনি।

রবের্ত মার্তিনেসের স্থলাভিষিক্ত হয়েছেন জেজুস। এবারের বিশ্বকাপ পর্যন্ত স্প্যানিশ কোচের সঙ্গে চুক্তি ছিল পর্তুগালের। গত মে মাসে রোনালদোর ক্লাব আল নাস্রকে সৌদি প্রো লিগের শিরোপা জেতান জেজুস। সেই সফল অধ্যায় শেষে, ৩৬ বছরের কোচিং ক্যারিয়ারে প্রথমবার কোনো জাতীয় দলের দায়িত্ব নিলেন এই পর্তুগিজ।

আল নাস্রে পাঁচবারের ব্যালন দ’র জয়ী রোনালদোকে খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে জেজুসের। লিসবনে শুক্রবার পর্তুগাল ফুটবল ফেডারেশনের প্রধান কার্যালয়ে নিজের ও রোনালদো সম্পর্কে কথা বলেন নতুন কোচ,‘ আমার বয়স ৭১, কিন্তু আমি ৫০ বছর বয়সীদের মতো অনুভব করি, কারণ আমি সুস্থ। প্রতিদিন এক কিংবা দুই ঘণ্টা শরীরচর্চা করি। এটা কঠিন চ্যালেঞ্জ হবে, তবে আমি নিশ্চিত যে, আমরা জিতব। বয়স কোনো ব্যাপারই না। ক্রিসের (ক্রিশ্চিয়ানো) দিকে তাকান। আমার কোচিংয়ে সে প্রতি ম্যাচে ৮ কিলোমিটারের মতো দৌড়াত, আর তার গতি ঘণ্টাপ্রতি ২৫ কিমির বেশি ছিল।’

স্পেনের বিপক্ষে ম্যাচের আগে রোনালদো ঘোষণা দেন যে, এটাই তার শেষ বিশ্বকাপ। তবে ভবিষ্যতে জাতীয় দলের হয়ে খেলার দুয়ার এখনও বন্ধ করেননি দেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ (২৩৩) ও সবচেয়ে বেশি গোল (১৪৬) করা এই ফুটবলার। আন্তর্জাতিক ফুটবলেও এই দুই জায়গায় সবার উপরে তিনি।

বিশ্বকাপের সবচেয়ে বেশি আসরে মাঠে নামা দুই ফুটবলারের একজন রোনালদো। তার মতো ছয়টি বিশ্বকাপে খেলেছেন কেবল আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। অনেক প্রত্যাশা নিয়ে এবারের বিশ্বকাপ শুরু করেছিল পর্তুগাল। তাদের আসরের ফেভারিটদের একটিও মনে করা হচ্ছিল। সঙ্গে রোনালদোর থেকেও চাওয়া ছিল অনেক বেশি। কিন্তু দল ও রোনালদো কিছুই পূরণ করতে পারেনি।

আসরে কেবল তিনটি গোল করতে পারেন রোনালদো। বেশিরভাগ ম্যাচেই নিজের ছায়া হয়ে ছিলেন তিনি। তাতে কম সমালোচনার শিকার হননি তিনি। তবে এসব নিয়ে ভাবছেন না জেসুস। বললেন, খেলার মতো অবস্থায় থাকলে রোনালদোকে দলে নিতে সমস্যা নেই তার।

“ক্রিসের (ক্রিশ্চিয়ানো) সঙ্গে এখনও কথা হয়নি। আমার কাছে মনে হয়, সে জাতীয় দলের জন্য কখনও কোনো সমস্যা হবে না। আর বিতর্কের কথা বললে, সবারই নিজস্ব মতামত দেওয়ার অধিকার আছে। যখন সিদ্ধান্ত নেওয়ার সময় আসবে, আমি ক্রিস ও দলের সবার সঙ্গে আলাদাভাবে কথা বলব। পর্তুগালের প্রতীক ক্রিস। তার নাম ইতিহাসে লেখা থাকবে। তার সঙ্গে কাজ করতে পারা দারুণ আনন্দের ছিল। তার সঙ্গে কাজ করা খুবই সহজ।

“সে কি করতে চায়, এটা জানতে তার সঙ্গে কথা বলতে হবে। সে সবসময় আমাকে বলত, সে আল নাস্রে ক্যারিয়ার শেষ করতে চায়। যদি সে দলে ডাক পাওয়ার মতো অবস্থায় থাকে, আমি সেটাই করব।”








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy