প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ৫:০১ পিএম (ভিজিট : ৪০)

X
সংগৃহীত ছবি
ভেনিজুয়েলার রাজধানী কারাকাসের লা লাগুনিটা এলাকায় একটি আবাসিক এলাকার ড্রেন থেকে প্রায় সাড়ে পাঁচ ফুট লম্বা একটি কাইম্যান (কুমিরজাতীয় প্রাণী) উদ্ধার করা হয়েছে। অপ্রত্যাশিত এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সরু কংক্রিটের ড্রেনের ভেতরে আটকে থাকা কাইম্যানটি একটি সড়কের পাশে পার্ক করা গাড়ির কাছাকাছি অবস্থান করছিল। বিষয়টি নজরে আসার পর স্থানীয় বাসিন্দারা পুলিশ ও উদ্ধারকারী কর্তৃপক্ষকে খবর দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কাইম্যানটির কাছে যাওয়ার চেষ্টা করলে এটি আক্রমণাত্মক আচরণ করছিল এবং মুখ খুলে দাঁত বের করে সতর্ক সংকেত দিচ্ছিল। এতে কৌতূহলী মানুষের ভিড়ের পাশাপাশি নিরাপত্তা নিয়ে উদ্বেগও তৈরি হয়।
প্রবল ঝড়ে উপড়ে গেল ৪০ বছরের পুরোনো গাছ, তাতেই ‘পোয়া বারো’ বৃদ্ধের
প্রাথমিকভাবে জরুরি সেবাকর্মীরা ফোনে পাওয়া তথ্যকে বিশ্বাস করতে পারেননি। তবে ঘটনাস্থলে পৌঁছে ড্রেনের ভেতরে বিশাল আকৃতির কাইম্যানটি দেখতে পান তারা। পরে বিশেষ জাল, দড়ি ও প্রয়োজনীয় সরঞ্জাম ব্যবহার করে উদ্ধার অভিযান চালানো হয়।
দীর্ঘ প্রচেষ্টার পর প্রাণীটিকে নিরাপদে উদ্ধার করে লোকালয় থেকে দূরের একটি উপযুক্ত প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হয়।
ঘটনার পর স্থানীয় বাসিন্দারা স্বস্তি প্রকাশ করলেও আবাসিক এলাকায় এমন একটি কুমিরজাতীয় প্রাণীর উপস্থিতি কীভাবে ঘটল, তা নিয়ে আলোচনা চলছে। স্থানীয় কর্তৃপক্ষও বিষয়টি খতিয়ে দেখছে।