প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ৮:২৪ পিএম (ভিজিট : ৭২)

X
প্রতীকী ছবি
ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। এর মধ্য দিয়ে ১৯৩০ সালে বিশ্বকাপের যাত্রা শুরুর পর ইতিহাসে প্রথমবারের মতো ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ চারটি দলই জায়গা করে নিয়েছে শেষ চারে।
টুর্নামেন্ট শুরুর আগে ফিফা র্যাঙ্কিংয়ের এক নম্বরে ছিল আর্জেন্টিনা। রোববার বাংলাদেশ সময় সকাল ৭ টায় শুরু হওয়া কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে জয় তুলে নিয়ে সবশেষ দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে আলবিসেলেস্তেরা।
এর আগে শনিবার নরওয়েকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে ইংল্যান্ড। বিশ্বকাপ শুরুর আগে ফিফা র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান ছিল চতুর্থ। আর প্রথম দল হিসেবে সেমিফাইনালে ওঠে স্পেন। কোয়ার্টার ফাইনালে তারা ২-১ গোলে হারায় পর্তুগালকে। টুর্নামেন্ট শুরুর আগে স্পেন ছিল ফিফা র্যাঙ্কিংয়ের তৃতীয় স্থানে।
দ্বিতীয় দল হিসেবে শেষ চার নিশ্চিত করে ফ্রান্স। তারা মরক্কোকে ২-০ গোলে পরাজিত করে সেমিফাইনালে জায়গা করে নেয়। বিশ্বকাপ শুরুর আগে ফ্রান্সের অবস্থান ছিল র্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১টায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে স্পেন ও ফ্রান্স। পরদিন বুধবার একই সময়ে দ্বিতীয় সেমিফাইনালে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে ইংল্যান্ড।