প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ১১:৪৪ এএম আপডেট: ১৩.০৭.২০২৬ ১১:৫১ এএম (ভিজিট : ৩০)

X
ছবি: প্রতিনিধি
প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে মাদারীপুরের মস্তফাপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে বিএনপির নেতাকর্মীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। দক্ষিণবঙ্গে সড়কপথে যাওয়ার সময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে জেলার বিভিন্ন উপজেলা থেকে কয়েক হাজার নেতাকর্মী জড়ো হন।
সোমবার (১৩ জুলাই) সকাল থেকে মস্তফাপুর বাসস্ট্যান্ড এলাকায় নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা নিয়ে অবস্থান নেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর মহাসড়ক অতিক্রম করার সময় তাঁকে স্বাগত জানাতে উচ্ছ্বাস প্রকাশ করেন উপস্থিত নেতাকর্মীরা। সকাল পৌনে নয়টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ি বহর মস্তফাপুর বাসস্ট্যান্ড অতিক্রম করে।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান রাস্তার দুই পাশে দাড়িয়ে থাকা নেতাকর্মী ও সাধারণ মানুষকে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান, জেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট জাফর আলী মিয়া এবং বিএনপির স্থানীয় নেতারা বেলুন উড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।
পুরো এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও শুভকামনা জানান।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন। সফর নির্বিঘ্ন রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।