প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ৬:৪৬ পিএম (ভিজিট : ৩০)

X
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের এবং বিভিন্ন নবপ্রতিষ্ঠিত উন্নয়ন কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যানরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।
রোববার রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহেরের নেতৃত্বে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান লোদী, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী বাবু, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু এবং নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদনের পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে সিলেট, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, রংপুর এবং নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ নামে ছয়টি নতুন উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করা হয়েছে। এসব কর্তৃপক্ষের প্রধান লক্ষ্য হলো সংশ্লিষ্ট অঞ্চলের ভূপ্রাকৃতিক পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য সংরক্ষণ, অপরিকল্পিত নগরায়ন নিয়ন্ত্রণ, দুর্যোগ সহনশীল নগর ব্যবস্থাপনা নিশ্চিত করা, তথ্যপ্রযুক্তি ও পর্যটন খাতের বিকাশ এবং উন্নত নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিতের মাধ্যমে পরিকল্পিত ও আধুনিক নগর গড়ে তোলা।