প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৯:০৫ পিএম (ভিজিট : ৩৭)

X
আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের টিকিটের দাম ফ্রান্স-স্পেনের দ্বিগুণ
বিশ্বকাপের সেমিফাইনালে চারটি দলই ফুটবল বিশ্বের পরাশক্তি। তবে মাঠের লড়াইয়ের আগে টিকিটের বাজারে এগিয়ে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ। এই ম্যাচের সর্বনিম্ন টিকিটের দাম এখন ফ্রান্স-স্পেন সেমি-ফাইনালের দ্বিগুণেরও বেশি।
ডালাসে বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত ১টায় প্রথম সেমি-ফাইনালে মুখোমুখি হবে র্যাঙ্কিংয়ের এক নম্বর দল ফ্রান্স ও তিন নম্বরে থাকা স্পেন। টিকিট পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান টিকিটডাটা ডটকমের তথ্য অনুযায়ী, সোমবার রাত পর্যন্ত এই ম্যাচের সর্বনিম্ন টিকিটের দাম ছিল ১ হাজার ৩২৫ মার্কিন ডলার (বা ১ লাখ ৬৩ হাজার টাকার বেশি)। গত তিন দিনে দাম কমেছে প্রায় ২৬ শতাংশ।
আটলান্টায় বুধবার দিবাগত রাত ১টায় দ্বিতীয় সেমি-ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ ইংল্যান্ড। এই ম্যাচের সর্বনিম্ন টিকিটের দাম ২ হাজার ৮৪১ ডলার (বা সাড়ে ৩ লাখ টাকার বেশি)। যা ফ্রান্স-স্পেন ম্যাচের তুলনায় দ্বিগুণেরও বেশি।
গত তিন দিনে এই ম্যাচের টিকিটের দাম বেড়েছে ৩৪ শতাংশ। শনিবার দাম সর্বোচ্চ ২ হাজার ৯৬৬ (৩ লাখ ৬৫ হাজার টাকা) ডলারে উঠলেও পরদিন কিছুটা নেমে আসে।
আটলান্টায় আর্জেন্টিনার বিপুল সমর্থকগোষ্ঠীও টিকিটের চাহিদা বাড়ার অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। এমএলএসের ক্লাব আটলান্টা ইউনাইটেডে দীর্ঘদিন ধরেই আর্জেন্টাইন ফুটবলারদের উপস্থিতি রয়েছে।
এছাড়া মায়ামিতে আগামী শনিবার দিবাগত রাত ৩টায় হতে যাওয়া তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের সর্বনিম্ন টিকিটের দাম ১ হাজার ৫৪৩ ডলার (বা ১ লাখ ৯০ হাজার টাকার বেশি)।
নিউ জার্সি স্টেডিয়ামে আগামী রোববার রাতে হবে বিশ্বকাপের ফাইনাল। এই ম্যাচের সর্বনিম্ন টিকিটের দাম এখন ৬ হাজার ৭৬০ ডলার (বা ৮ লাখ ৩৩ হাজার টাকার বেশি)। যদিও গত ৭২ ঘণ্টায় দাম ৬ শতাংশ কমেছে।
গত অক্টোবরে ফাইনালের সর্বনিম্ন টিকিটের দাম উঠে গিয়েছিল ১৩ হাজার ৬৫০ ডলারে (বা ১৬ লাখ ৮৩ হাজার টাকার বেশি)। গত ২১ জুন ছিল ১২ হাজার ৩০১ ডলার, আর ৬ জুলাই ছিল ৯ হাজার ৯১১ ডলার।