প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৫:০৫ পিএম (ভিজিট : ৫৯৯)

X
মেসির বিশ্বস্ত সতীর্থ রদ্রিগো ডি পল
রাতে দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। বিশ্বকাপের অন্যতম হাইভোল্টেজ ম্যাচ বলা হচ্ছে দুই দলের এই লড়াইকে। যেখানে সুপার কম্পিউটার থেকে বিশ্লেষক— কেউই এককভাবে এগিয়ে রাখতে পারছে না কোনো দলকে।
আজ বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় দিনগত রাত ১টায় আটলান্টা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই হাইভোল্টেজ ম্যাচ।
সেমিফাইনালের লড়াইয়ে নামতে আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। আপাতত আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি শিষ্যদের নিয়ে শেষ মুহূর্তের রণকৌশল চূড়ান্ত করতে ব্যস্ত সময় পার করছেন। আর সমর্থকদের প্রশ্ন, কেমন হবে শুরুর একাদশ।
গুঞ্জন শোনা যাচ্ছে, ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার মাঝমাঠের প্রধান ভরসা রদ্রিগো ডি পলকে নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। আর্জেন্টিনার জনপ্রিয় সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের খবর অনুযায়ী, সুইজারল্যান্ডের বিপক্ষে জয়ী ম্যাচের একাদশই ধরে রাখার সম্ভাবনা বেশি।
এর মাঝেও কিছু পরিবর্তনের আভাস মিলেছে। আর সেটি হতে পারে মাঝমাঠেই। আর সেটি হলে বাদ পড়তে পারেন বিশ্বকাপজয়ী তারকা অভিজ্ঞ রদ্রিগো ডি পল। কারণ, আর্জেন্টিনার গত কয়েকটি ম্যাচ লক্ষ্য করলে দেখা যায়, ডি পলকে ম্যাচের নির্ধারিত সময়ের আগেই তুলে নেওয়া হচ্ছে। আর এতেই তাকে নিয়ে সংশয় আরও ঘনীভূত হয়েছে।
শেষ পর্যন্ত স্কালোনি যদি ডি পলকে বেঞ্চে বসানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেন, তবে তার জায়গায় জুলিয়ানো সিমিওনের সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে।
নিকোলাস গঞ্জালেস টুর্নামেন্টজুড়ে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে দুর্দান্ত খেলেছেন। তিনি একাদশে ঢুকলে মাঝমাঠে বাড়তি গতি পাবে আর্জেন্টিনা। অন্যদিকে, সিমিওনের একাদশে থাকাটা হবে কিছুটা চমকপ্রদ। বিশ্বকাপে এখন পর্যন্ত খুব কম সুযোগ পেলেও কোচ তাকে বিভিন্ন ম্যাচে বাজিয়ে দেখেছেন।
রক্ষণভাগেও ছোটখাটো পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। রাইট-ব্যাক পজিশনে নাহুয়েল মোলিনা না গঞ্জালো মন্তিয়েল— কাকে দেখা যাবে, তা নিয়ে এখনও নিশ্চিত নন সমর্থকরা।