
X
সংগৃহীত ছবি
বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনা ও স্পেনের শিরোপা সম্ভাবনা নিয়ে নতুন করে হিসাব কষেছে অপ্টার সুপারকম্পিউটার।
পরিসংখ্যানভিত্তিক এই মডেল ২৫ হাজারবার আর্জেন্টিনা-স্পেনের সম্ভাব্য ফাইনালের ফল বিশ্লেষণ করে জানিয়েছে, শিরোপা জয়ের দৌড়ে সামান্য এগিয়ে রয়েছে স্পেন।
সিমুলেশনের ফল অনুযায়ী, লুইস দে লা ফুয়েন্তের দলের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ৫৯.৬ শতাংশ। অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার সম্ভাবনা ৪০.৪ শতাংশ।
অপ্টার বিশ্লেষণে বলা হয়েছে, দলগত ভারসাম্য ও বিশেষ করে রক্ষণভাগের দৃঢ়তার কারণে স্পেনকে কিছুটা এগিয়ে রাখা হয়েছে। ৯০ মিনিটে জয়ের সম্ভাবনাতেও এগিয়ে রয়েছে ইউরোপের দলটি।
স্পেনের জয়ের সম্ভাবনা ৪৫ শতাংশ, ড্রয়ের সম্ভাবনা ২৯ শতাংশ এবং নির্ধারিত সময়ে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ২৬ শতাংশ।
অপ্টা অ্যানালিস্ট জানিয়েছে, ‘সব ম্যাচ জিতলেও আর্জেন্টিনা নিজেদের দুর্বলতার কিছু জায়গা দেখিয়েছে।
অন্যদিকে স্পেন যেকোনো দলের আক্রমণ সামলাতে এবং ম্যাচ নিয়ন্ত্রণে রাখতে সক্ষম। এই বিশ্বকাপে তাদের বিপক্ষে প্রতিপক্ষের প্রত্যাশিত গোলের হার (এক্সজি) মাত্র ০.৩১, যা সব দলের মধ্যে সবচেয়ে কম।’
তবে পরিসংখ্যানের বাইরেও আর্জেন্টিনার আত্মবিশ্বাসের জায়গা কম নয়। লিওনেল স্কালোনির দল এখন পর্যন্ত বিশ্বকাপে সাত ম্যাচ খেলে সাতটিতেই জয় পেয়েছে। রোববারের ফাইনাল হবে তাদের ইতিহাসের সপ্তম বিশ্বকাপ ফাইনাল। শিরোপা জিতলে ইতালি ও ব্রাজিলের পর টানা দুই বিশ্বকাপ জেতা তৃতীয় দল হবে আর্জেন্টিনা।
অন্যদিকে ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্নে মাঠে নামবে স্পেন। ৩৭ ম্যাচ ধরে আন্তর্জাতিক ফুটবলে অপরাজিত থাকা দলটি এবার দুর্দান্ত রক্ষণ নিয়ে এগিয়েছে। তাদের বিপক্ষে প্রতিপক্ষের সুযোগ তৈরির হারও ছিল সবচেয়ে কম। গোলরক্ষক উনাই সিমন ছয় ম্যাচে গোল হজম করেননি, যা স্পেনের শক্তির বড় প্রমাণ।
ফাইনালের অন্যতম আকর্ষণ হতে পারে দুই প্রজন্মের দুই ফুটবলার লিওনেল মেসি ও লামিনে ইয়ামালের মুখোমুখি লড়াই। অপ্টার তথ্য অনুযায়ী, দুজনই যদি শুরুর একাদশে থাকেন, তাহলে বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে এই প্রথম দুই প্রতিপক্ষ দলের দুই শুরুর খেলোয়াড়ের মধ্যে বয়সের ব্যবধান হবে ২০ বছরের বেশি। মেসির বয়স ৩৯, আর ইয়ামালের ১৯।
তবে সুপারকম্পিউটারের পূর্বাভাস সব সময় সত্যি হবে না! সেটিও মনে করিয়ে দিয়েছে অপ্টা। বিশ্বকাপ শুরুর আগে তাদের সবচেয়ে বড় ফেবারিট ছিল ফ্রান্স, আর সম্ভাব্য সেমিফাইনালিস্টদের মধ্যে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনাই ধরা হয়েছিল সবচেয়ে কম।
কিন্তু টুর্নামেন্ট যত এগিয়েছে, মাঠের পারফরম্যান্সে সেই হিসাব পাল্টে গেছে। তাই স্পেনকে সামান্য এগিয়ে রাখলেও অপ্টার বিশ্বাস, ফাইনালের লড়াই পুরোপুরি উন্মুক্ত। শিরোপা জিততে পারে যেকোনো দল।