প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৮:৩৪ পিএম (ভিজিট : ৩৩)

X
বিজিবির পুরুষ দল
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ক্রীড়াঙ্গনে আরেকটি গৌরবোজ্জ্বল সাফল্য অর্জন করেছে। ঢাকায় অনুষ্ঠিত ১ম অ্যাসোসিয়েশন কাপ টার্গেটবল প্রতিযোগিতা-২০২৬-এ বিজিবির পুরুষ ও নারী উভয় দলই চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করেছে।
২০ ও ২১ জুলাই ২০২৬ তারিখে ঢাকার রোলার স্কেটিং কমপ্লেক্সে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন সংস্থা ও ক্লাব অংশগ্রহণ করে। প্রতিযোগিতার পুরুষ বিভাগের ফাইনালে বিজিবি দল ২৪-১১ গোলে বাংলাদেশ পুলিশ টার্গেটবল ক্লাবকে পরাজিত করে শিরোপা জিতে নেয়। অপরদিকে নারী বিভাগের ফাইনালে বিজিবি দল ১৭-০৫ গোলে ভিএস স্পোর্টিং ক্লাব, ঢাকাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনাল ম্যাচে অসাধারণ নৈপুণ্য প্রদর্শনের স্বীকৃতিস্বরূপ বিজিবি পুরুষ দলের ল্যান্স নায়েক মো. মেহেদী হাসান এবং নারী দলের সিপাহী সানজিদা চৌধুরী জেবিন নিজ নিজ বিভাগের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
উল্লেখ্য, এর আগেও বিজিবি টার্গেটবল অঙ্গনে সাফল্যের স্বাক্ষর রেখেছে। বিজয় দিবস টার্গেটবল প্রতিযোগিতায় বিজিবির পুরুষ দল বাংলাদেশ পুলিশ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করেছিল। সর্বশেষ এই দ্বৈত শিরোপা বিজিবির ধারাবাহিক সাফল্যেরই প্রতিফলন।
বিজিবি মহাপরিচালক বিজয়ী খেলোয়াড়, কোচ এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও বিজিবির খেলোয়াড়রা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ক্রীড়া ক্ষেত্রে আরও সাফল্য অর্জনের মাধ্যমে বাহিনী ও দেশের সুনাম সমুন্নত রাখবে।
উল্লেখ্য, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ক্রীড়া ও শারীরিক সক্ষমতা উন্নয়নে বিজিবি সবসময় গুরুত্ব দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন জাতীয় প্রতিযোগিতায় বিজিবির খেলোয়াড়রা নিয়মিতভাবে কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছেন।