
X
বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে হারের পর আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি-ইন্টারনেট
বিশ্বকাপ শেষ হওয়ার আগেই মেজর লিগ সকারের বিরতি শেষ হয়ে গেছে। শুরু হয়েছে মাঠের লড়াই। ইন্টার মায়ামিও শুরু করতে যাচ্ছে অভিযান। তবে লিওনেল মেসি ও রদ্রিগো ডি পল এখনই ফিরছেন না ক্লাবের জার্সিতে। বিশ্বকাপ শেষে আপাতত বিশ্রামে থাকবেন এই দুই আর্জেন্টাইন তারকা।
ইএসপিএন জানায়, ইন্টার মায়ামির অন্তত দুটি ম্যাচে খেলবেন না মেসি ও ডি পল। বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে আট ম্যাচের সবকটিতেই মাঠে নেমেছেন মেসি ও ডি পল। একটি ছাড়া সব ম্যাচে শুরুর একাদশে ছিলেন মেসি এবং ফাইনালে স্পেনের কাছে হারের ম্যাচে পুরো ১২০ মিনিট খেলেছেন।
ইএসপিএনের প্রতিবেদন বলছে, এমএলএস অল-স্টার ম্যাচের জন্য নির্বাচিত হলেও আগামী ২৯শে জুলাই লিগা এমএক্স অল-স্টারদের বিপক্ষে ম্যাচটিতে খেলবেন না এই দুজন। মেজর লিগ সকার কর্তৃপক্ষে অনুমতি ছাড়া গত বছর এই অল-স্টা ম্যাচটি না খেলায় এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন মেসি। এবার ইন্টার মায়ামির পক্ষ থেকে কর্তৃপক্ষকে আগেই জানানো হয়েছে, মেসি এবারের ম্যাচটিতে খেলতে পারবেন না।
স্বাস্থ্যগত কারণে প্রতিটি মৌসুম শেষে অন্তত ২১ দিনের বিশ্রামের সুপারিশ করেছে পেশাদার ফুটবল খেলোয়াড়দের বিশ্বব্যাপী প্রতিনিধিত্বকারী সংস্থা ফিফপ্রো। বিশ্বকাপের জন্য ম্যাচগুলোর মধ্যে ৭২ ঘণ্টার বিশ্রামের বিষয়ে ফিফা এবং ফিফপ্রো সম্মত হয়েছে গত বছর।
বিশ্বকাপের জন্য গত ২৬ মে থেকে বিরতিতে ছিল মেজর লিগ সকার। গত শুক্রবার থেকে আবার শুরু হয় খেলা। বিরতির পর মায়ামির প্রথম ম্যাচ বুধবার, পরেরটি শনিবার। এই দুই ম্যাচে মেসি ও ডি পল থাকছেন না নিশ্চিতভাবেই। ১ আগস্ট ঘরের মাঠে কলম্বাসের বিপক্ষে খেলবে মায়ামি, এরপর ৫ থেকে ১২ আগস্ট পর্যন্ত লিগস কাপে অংশ নেবে এবং ১৫ অগাস্ট আবার ফিরবে মেজর লিগ সকারে। চোট-টোট না থাকলে এই ২১ দিনের মধ্যে মেজর লিগ সকারের তিনটি ম্যাচে খেলতে পারবেন না মেসি ও ডি পল।
বিশ্বকাপে এবার ফাইনালের আগ পর্যন্ত দুর্দান্ত ফর্মে ছিলেন মেসি। গোল করেছেন তিনি এবার আটটি, অ্যাসিস্ট চারটি। আর মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে ১৫ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে মায়ামি। ৫ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে ন্যাশভিল। ফাইনালে হারের হতাশা প্রকাশের পাশাপাশি বিশ্বকাপে দলের পুরো যাত্রা তুলে ধরে, ভক্তদের ধন্যবাদ ও নতুন চ্যাম্পিয়নদের অভিনন্দন জানিয়েছেন লিওনেল মেসি।
টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন চুরমার হয়ে গেছে ফাইনালের মঞ্চে। এই কষ্ট ভুলতে অনেক সময় লাগবে বলে মনে করেন লিওনেল মেসি। তবে ভালো দিকগুলোও মনে রাখতে চান আর্জেন্টিনা অধিনায়ক। নিউ জার্সিতে রোববারের ফাইনালে খুবই বিবর্ণ পারফরম্যান্সে স্পেনের বিপক্ষে ১-০ গোলে হারে ২০২২ সালের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
ম্যাচের পর, গ্যালারির সামনে গিয়ে মেসির কান্নার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। সোমবার ইনস্টাগ্রাম পোস্টে ফাইনালে হারের হতাশা প্রকাশের পাশাপাশি বিশ্বকাপে দলের পুরো যাত্রা তুলে ধরেন আর্জেন্টিনার মহাতারকা,‘কষ্টটা সীমাহীন এবং এই ক্ষত সারতে সময় লাগবে। কিন্তু আমি সব ভালো দিকগুলোও মনে ধারণ করতে চাই... যে ম্যাচগুলোতে আমরা নিজেদের সর্বস্ব দিয়ে ঘুরে দাঁড়িয়েছি, যা আমাদের স্মৃতিতে চিরকাল রয়ে যাবে; পুরো দেশের সমর্থন, যা এই দলের কাজ ও প্রচেষ্টার সঙ্গে মিলে আমাদেরকে আরও একবার বিশ্বের সেরাদের কাতারে নিয়ে এসেছে। আমরা যা করেছি, তার মর্ম পুরোপুরি উপলব্ধি করা এই মুহূর্তে কঠিন। এই দল টানা দুটি বিশ্বকাপ ফাইনালে পৌঁছেছে।’
সমর্থন ও বার্তার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানান রেকর্ড আটবারের ব্যালন ডি’অর জয়ী,‘ শুভেচ্ছা জানানোয় ও বার্তা পাঠানোর জন্য আমার হৃদয়ের গভীর থেকে আপনাদের অনেক ধন্যবাদ। আবারও আমরা একটি দেশ হিসেবে ঐক্যবদ্ধ হতে এবং একসঙ্গে থাকতে পেরেছি, আর্জেন্টাইন হওয়ার সীমাহীন গর্ব ভাগ করে নিয়েছি।’
নতুন বিশ্ব চ্যাম্পিয়নদের অভিনন্দন জানাতেও ভোলেননি বিশ্বকাপে অনেক রেকর্ড-কীর্তির জন্ম দেওয়া মেসি,‘ শিরোপা জয়ের জন্য স্পেনকেও অভিনন্দন জানাতে চাই আমি।’
এবারের বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ আট গোল ও চারটি অ্যাসিস্ট করেন ৩৯ বছর বয়সি মেসি। বর্তমানে বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ২১টি গোল তার। এছাড়া একমাত্র খেলোয়াড় হিসেবে দুইবার বিশ্বকাপের সেরা ফুটবলারের পুরস্কার গোল্ডেন বলও জিতেছেন তিনি, ২০১৪ ও ২০২২ আসরে।
মেসির নেতৃত্বে ২০২২ সালে বিশ্বকাপ জেতার পাশাপাশি ২০২১ ও ২০২৪ সালে কোপা আমেরিকা এবং একটি ফিনালিস্সিমা ট্রফিও জয় করে আর্জেন্টিনা। এছাড়া গত চারটি বিশ্বকাপের মধ্যে তিনবারই ফাইনালে খেলল দলটি।