প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৫:৫১ পিএম (ভিজিট : ৪২)

X
ছবি: প্রতিনিধি
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী বন্দরে দেশীয় প্রজাতির ছোট মাছ ও প্রজনন রক্ষায় নিষিদ্ধ চায়না দুয়ারী, চাকজাল ও কারেন্ট জালের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (২২ জুলাই) সকাল ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে সুবিদখালী বন্দরের তিনটি দোকানে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে আনুমানিক ৩ লাখ টাকা মূল্যের অবৈধ জাল জব্দ করে পরবর্তীতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
মৎস্য সুরক্ষা ও মৎস্য সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালত বরগুনা জেলার বেতাগী উপজেলার জলিসা গ্রামের ব্যবসায়ী মো. জাফর হাওলাদার ও আব্দুল হালিমকে ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করেন। এছাড়াও সুবিদখালী গ্রামের নূর মোহাম্মদকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মু. মাহফুজুর রহমান এবং মোবাইল কোর্ট পরিচালনা করেন মির্জাগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সী।
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মু. মাহফুজুর রহমান বলেন, "দেশীয় প্রজাতির ছোট মাছ রক্ষার্থে ক্ষতিকর চায়না দুয়ারী ও কারেন্ট জালের ব্যবহার রোধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।"
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সী জানান, দেশীয় মাছ রক্ষা ও অবৈধ জালের ব্যবহার বন্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।