প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৯:৪৮ পিএম (ভিজিট : ৩৪)

X
সংগৃহীত ছবি
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের বিপক্ষে বিশ্বকাপের ফাইনাল হারের ক্ষতটা বেশ টাটকা। নীল-সাদায় তখন বিষাদের মেঘ। কিন্তু এই ভাঙা মন আর অনিশ্চয়তার ভিড়েও একটা বার্তা ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে—আর্জেন্টাইন ফুটবলের এই নতুন অধ্যায় পুনর্গঠনের কাণ্ডারী হতে হবে লিওনেল স্কালোনিকেই।
টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন, গত দুটি বিশ্বকাপে যে মানুষটা দলকে সাফল্যের চূড়ায় নিয়ে গিয়েছেন, তাঁর হাতেই আবার তুলে দিতে হবে ভবিষ্যৎ গড়ার দায়িত্ব। কাতার বিশ্বকাপের বিশ্বজয়ীদের নিয়ে ২০২৬-এর মঞ্চে অভিজ্ঞতার ওপর ভরসা রেখেছিলেন স্কালোনি। কিন্তু অলক্ষ্যেই অপেক্ষা করছিল বার্কো কিংবা নিকো পাজদের মতো একঝাঁক নতুন তুর্কি। এবার সময় এসেছে সেই নতুন প্রজন্মের কাঁধে গুরুদায়িত্ব তুলে দেওয়ার, আর সেই উত্তরণ ঘটানোর জন্য স্কালোনির চেয়ে উপযুক্ত আর কেইবা হতে পারেন?
যাদের সঙ্গে নিয়ে ইতিহাস লেখা হয়েছে—বিশ্বকাপ জয়, ফাইনাল খেলা, পরপর দুটি কোপা আমেরিকা আর ফিনালিসিমা জয়—সেই বীরদেরই একদিন বিদায়ের বার্তা দেওয়া সহজ কথা নয়। এটি হতে পারে স্কালোনির ক্যারিয়ারের সবচেয়ে কঠিন পরীক্ষা। কিন্তু এক অনন্য যুগকে টিকিয়ে রাখতে আর জয়ের ক্ষুধা বজায় রাখতে এই কঠিন সিদ্ধান্তগুলো নেওয়াটা এখন সময়ের দাবি।
ফুটবল শুধুই একটা খেলা নয়, স্কালোনি গত কয়েক বছরে এই দলে একটি সুনির্দিষ্ট মানসিকতা ও দর্শনের জন্ম দিয়েছেন। আক্রমণাত্মক ফুটবল, পজেশন ধরে রেখে গড়ে তোলা খেলা আর জমাট রক্ষণ—এই তিনের নিখুঁত সংমিশ্রণে আর্জেন্টিনা ফুটবলকে পুনরুজ্জীবিত করেছিলেন তিনি। নতুন ফুটবলারদের রক্তের সঙ্গে এই দর্শন আর মূল্যবোধ মিছরির মতো মিশিয়ে দেওয়ার কাজটা তিনিই সবচেয়ে ভালো পারবেন।
রোববারের সেই বিষাদময় বিকেলের পর এখন শুধুই নতুন ভোরের অপেক্ষা। আর্জেন্টিনার এই দলটির প্রয়োজন স্কালোনির দূরদর্শী নেতৃত্ব, গাম্ভীর্য এবং একটি কোচিং স্টাফের অভিজ্ঞতা, যারা দীর্ঘদিন ধরে এই নীল-সাদা জার্সির গুরুত্ব হাড়হাড় চেনে। আর্জেন্টিনা জাতীয় দলের জার্সি যে কতটা ভারী এবং এর প্রত্যাশার চাপ কতটা—তা বোঝার মতো খেলোয়াড় খুঁজে নিয়ে নতুন প্রজন্ম গড়ে তোলার অভিযানে লিওনেল স্কালোনির থাকাটাই এখন সময়ের দাবি।