প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ১:২৯ পিএম আপডেট: ২৩.০৭.২০২৬ ১:৩২ পিএম (ভিজিট : ৩৮)

X
মোহাম্মদ সাইফুল মালিক
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি ৩৪তম বিসিএস পুলিশ ক্যাডারের একজন কর্মকর্তা ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে তিনি স্ট্রোক করেন। প্রথমে কুমিল্লা মডার্ন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর তাকে ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে বুধবার রাতে অস্ত্রোপচারের পর বৃহস্পতিবার ভোর ৫টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মোহাম্মদ সাইফুল মালিকের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায়। তিনি বীর মুক্তিযোদ্ধা আবুল কালামের সন্তান। ১৯৮১ সালে জন্মগ্রহণ করেন তিনি। ২০০৫ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ২৮তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। পরে তিনি ২০১৬ সালে পুলিশ ক্যাডারে যোগ দিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার মৃত্যুতে পুলিশ প্রশাসন, সহকর্মী, স্বজন ও শুভানুধ্যায়ীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মোহাম্মদপুর জোনের এডিসি ও ৩৪ তম বিসিএস অল ক্যাডারস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জুয়েল রানা বলেন, মোহাম্মদ সাইফুল মালিক একজন মানবিক কর্মকর্তা ছিলেন।
আমাদের ব্যাচের সবাইকে তিনি এক পরিবার হিসাবে দেখতেন এবং সবাইকে ভাই-বোনের মতো আগলে রাখতেন। তার এই মৃত্যুতে ৩৪তম বিসিএস পুলিশ ও ৩৪ তম বিসিএস অল ক্যাডারস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গভীর শোক জানাচ্ছি। পাশাপাশি তার রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।