প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৮:১৮ পিএম (ভিজিট : ৪০)

X
নাহিদ রানা
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার নাহিদ রানার জন্য সময়টা একদিকে হতাশার, অন্যদিকে আনন্দের। চোটের কারণে অস্ট্রেলিয়া সফরের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেও ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায় শুরু করেছেন এই গতিতারকা।
বৃহস্পতিবার (২৩ জুলাই) পারিবারিক আয়োজনে বিয়ে করেছেন তিনি। সম্প্রতি নাহিদের সাইড স্ট্রেইনের স্ক্যান রিপোর্টে গ্রেড-টু ইনজুরির বিষয়টি নিশ্চিত হয়। চিকিৎসকরা জানিয়েছেন, পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে তার এক মাসেরও বেশি সময় লাগতে পারে। পুনর্বাসনের এই সময়ে বল করার মতো অবস্থায় না থাকায় অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে তাকে পাওয়া যাবে না।
আগামী মাসের প্রথম সপ্তাহে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল। পেস ও বাউন্সনির্ভর কন্ডিশনে অনুষ্ঠিত হতে যাওয়া এই সিরিজকে সামনে রেখে নাহিদের অনুপস্থিতি টাইগারদের জন্য বড় ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে। তবে মাঠের বাইরে এই বিরতিটাই ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে রূপ নিয়েছে নাহিদের জন্য। পারিবারিকভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে জীবনের নতুন ইনিংস শুরু করেছেন জাতীয় দলের এই তরুণ পেসার।
চোট কাটিয়ে দ্রুত মাঠে ফেরার লক্ষ্য নিয়েই এখন পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন নাহিদ রানা। সুস্থ হয়ে খুব শিগগিরই জাতীয় দলের জার্সিতে আবারও দেখা যাবে এই ডানহাতি পেসারকে।