প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৮:৩৩ পিএম (ভিজিট : ৩০)

X
নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ ক্রিকেট টুর্নামেন্ট’ এর ফাইনাল ম্যাচ
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো রোমাঞ্চে ভরপুর ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ ক্রিকেট টুর্নামেন্ট’ এর ফাইনাল ম্যাচ। শুক্রবার বৃষ্টিবিঘ্নিত এই ফাইনালে ময়মনসিংহ বিভাগকে ১৯ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ঢাকা বিভাগের নারী ক্রিকেটাররা।
টুর্নামেন্টের শুরু থেকেই দুর্দান্ত খেলা ঢাকা ফাইনালেও নিজেদের আধিপত্য বজায় রেখে ট্রফি নিজেদের করে নেয়। বৃষ্টির কারণে নির্ধারিত ওভার কমিয়ে ম্যাচটি ৫ ওভারে নামিয়ে আনা হয়। সংক্ষিপ্ত পরিসরের এই ফাইনালে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে ঢাকা। নির্ধারিত ৫ ওভারে ৪ উইকেটে তারা সংগ্রহ করে ৪৮ রান।
ময়মনসিংহের বোলারদের সামলে ঢাকার ব্যাটাররা স্কোরবোর্ডে লড়াই করার মতো একটি পুঁজি গড়ে তোলেন। ৪৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ময়মনসিংহ। ঢাকার নিয়ন্ত্রিত বোলিং ও দুর্দান্ত ফিল্ডিংয়ের সামনে টিকতে না পেরে ৫ ওভারে ৬ উইকেট হারিয়ে মাত্র ২৯ রানে থেমে যায় ময়মনসিংহ। ফলে ১৯ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে ঢাকা।
ম্যাচ শেষে জয়ের পর আবেগঘন এক মুহূর্তের সাক্ষী হয় ক্রিকেটপ্রেমীরা। চিরাচরিত উল্লাস-উচ্ছ্বাসে মেতে ওঠার পরিবর্তে ঢাকার নারী ক্রিকেটাররা বিজয়ের আনন্দে মাঠেই একসঙ্গে সিজদায় লুটিয়ে পড়েন এবং মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের এই বিনয়ী উদযাপন উপস্থিত সবার মন কেড়ে নেয়।
টুর্নামেন্টের ফাইনালে রানার্সআপ হওয়া ময়মনসিংহ দলও পুরো টুর্নামেন্টে প্রশংসনীয় লড়াই ও খেলা উপহার দিয়েছে। তবে ফাইনালে তাদের হার মানতে হয় ঢাকার কাছে।