প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৯:০৭ পিএম (ভিজিট : ২৫)

X
ভারতের তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী
মাত্র ১৫ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম ফিফটি করলেন ভারতের তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী। আর সেই ইনিংসেই গড়ে ফেললেন নতুন বিশ্বরেকর্ড। জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ১৮ বলে হাফসেঞ্চুরি করেন সূর্যবংশী। চারটি চার ও চারটি ছক্কায় সাজানো ৫০ রানের ইনিংস খেলার পরের বলেই আউট হন তিনি।
১৫ বছর ১১৮ দিন বয়সে ফিফটি করে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে অর্ধশতকের রেকর্ড নিজের করে নিয়েছেন এই ভারতীয় ওপেনার। তিনি ভেঙেছেন নেপালের কুশাল মাল্লার রেকর্ড। তিনি ২০২০ সালে ১৫ বছর ৩৪০ দিন বয়সে ওয়ানডেতে ফিফটি করেছিলেন।
এদিকে ভারতের ইতিহাসেও সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক হাফসেঞ্চুরিয়ান এখন সূর্যবংশী। এতদিন এই রেকর্ডটি ছিল কিংবদন্তি শচীন টেন্ডুলকারের দখলে। ১৯৮৯ সালে পাকিস্তানের বিপক্ষে ১৬ বছর ২১৩ দিন বয়সে প্রথম আন্তর্জাতিক ফিফটি করেছিলেন শচীন।
সূর্যবংশীর ঝোড়ো ইনিংসে ভর করে ১২৬ রানের লক্ষ্য ৭ উইকেট হাতে রেখেই পেরিয়ে যায় ভারত। সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া এই কিশোরের জন্য এটি ছিল ক্যারিয়ারের প্রথম অর্ধশতক।