
X
বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ
রাজনৈতিক পরিস্থিতির কারণে গত বছর স্থগিত হয়ে যাওয়া বাংলাদেশ-ভারত সীমিত ওভারের সিরিজটি আগামী সেপ্টেম্বরে আয়োজনের আলোচনা চলছে। যদিও এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবুও সম্ভাব্য এই সিরিজ ঘিরে উচ্ছ্বসিত বাংলাদেশ দল। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন, শক্তিশালী ভারতের বিপক্ষে ঘরের মাঠে খেলতে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
ভারতীয় ক্রীড়া গণমাধ্যম রেভস্পোর্টজকে দেয়া সাক্ষাৎকারে মিরাজ বলেন, ‘সিরিজটি নিয়ে আমরা খুবই রোমাঞ্চিত। ভারত বাংলাদেশে এলে সেটি আমাদের জন্য বড় একটি উপলক্ষ হবে। অনেক দিন ধরেই তাদের বিপক্ষে খেলা হয়নি। তারা বিশ্বমানের দল, তাই চ্যালেঞ্জটাও কঠিন হবে। তবে নিজেদের মাঠে সেরা ক্রিকেট খেলাই আমাদের লক্ষ্য। আমরা সবাই এই সিরিজের অপেক্ষায় আছি।’
ভারতের বিপক্ষে ২০২২ সালের স্মরণীয় ওয়ানডে সিরিজের কথাও উঠে আসে মিরাজের কথায়। সেই সিরিজের প্রথম ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে অবিচ্ছিন্ন জুটি গড়ে অবিশ্বাস্য জয় এনে দিয়েছিলেন তিনি।
সেই মুহূর্ত স্মরণ করে মিরাজ বলেন, ‘এটি আমার ক্যারিয়ারের অন্যতম সেরা স্মৃতি। ছয় উইকেট হারানোর পর আমরা শুধু ইতিবাচক থাকার চেষ্টা করেছি। প্রতিটি বল ধরে ধরে এগিয়েছি এবং নিজেদের ওপর বিশ্বাস রেখেছি। শেষ পর্যন্ত সেই ম্যাচটি বিশেষ হয়ে আছে, যা আমি কখনো ভুলব না।’
অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার পর ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের পারফরম্যান্স নিয়েও আত্মবিশ্বাসী মিরাজ। জিম্বাবুয়ের বিপক্ষে সাম্প্রতিক সিরিজ হার ছাড়া অস্ট্রেলিয়াসহ কয়েকটি শক্তিশালী দলের বিপক্ষে সফলতা পেয়েছে বাংলাদেশ।
সামনের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে মিরাজ বলেন, ‘এটি আমার এবং দলের জন্য বড় দায়িত্ব। সাম্প্রতিক সময়ে আমরা ভালো ক্রিকেট খেলেছি, কঠিন পরিস্থিতিও ভালোভাবে সামলেছি। বিশ্বকাপ খেলা প্রতিটি ক্রিকেটারের স্বপ্ন। সেখানে ভালো করতে হলে প্রতিদিন নিজেদের উন্নতি করতে হবে এবং বিভিন্ন কন্ডিশনের সঙ্গে আরও ভালোভাবে মানিয়ে নিতে হবে।’
ভারতে অনুষ্ঠিত ২০২৬ টি২০ বিশ্বকাপে বাংলাদেশের না খেলার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তার মতে, দলটির বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্তের পেছনে রাজনৈতিক প্রভাব ছিল।
ভারতীয় ক্রীড়া গণমাধ্যম রেভস্পোর্টজকে দেয়া এক সাক্ষাৎকারে মিরাজ বলেন, ‘আমার মনে হয়, এটি একটি রাজনৈতিক বিষয় ছিল। এর বেশি এ বিষয়ে কিছু বলতে চাই না।
বাংলাদেশের পরিবর্তে শেষ মুহূর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে সুযোগ দেয়া হয়। এই সিদ্ধান্তে হতাশ ছিলেন জাতীয় দলের ক্রিকেটাররাও। মিরাজ জানান, বিশ্বকাপের মতো বড় আসরে খেলা প্রতিটি ক্রিকেটারের স্বপ্ন, কিন্তু সেই স্বপ্ন পূরণের সুযোগ তারা পাননি।মিরাজ বলেন, ‘বিশ্বকাপে খেলতে চাওয়া প্রতিটি ক্রিকেটারেরই স্বাভাবিক ইচ্ছা। আমাদের দলের তরুণদেরও সেই স্বপ্ন ছিল। কিন্তু রাজনৈতিক পরিস্থিতির কারণে সেটি সম্ভব হয়নি। দেশের পরিস্থিতি সম্পর্কে সবাই কমবেশি জানেন।
’
ভারতের মাটিতে খেলার সুযোগ হাতছাড়া হওয়ায় আক্ষেপও প্রকাশ করে মিরাজ বলেন, ‘ভারতে গিয়ে খেলতে চায় না, এমন ক্রিকেটার খুঁজে পাওয়া কঠিন। আমিও সেখানে বিশ্বকাপে খেলতে চেয়েছিলাম।’
বর্তমানে অবশ্য টি২০ দলে নিয়মিত নন মিরাজ। জাতীয় দলের হয়ে সর্বশেষ এই সংস্করণে খেলেছেন এক বছর আগে। বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ৩৪টি আন্তর্জাতিক টি২০ ম্যাচে ৪১৮ রান করার পাশাপাশি নিয়েছেন ১৮টি উইকেট।