প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৮:৫০ পিএম (ভিজিট : ২১)

X
গ্লোবাল সুপার লিগে আব্দুল্লাহ শাফিকের বদলি হিসেবে লাহোর কালান্দার্সের হয়ে খেলবেন বাংলাদেশের আগ্রাসী ব্যাটসম্যান শামীম হোসেন
পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে ছুটি কাটাচ্ছিলেন শামীম হোসেন। সাদা বলের ক্রিকেটে আপাতত ব্যস্ততা নেই বাংলাদেশ দলের, ঘরোয়া ক্রিকেটও নেই। তবে এর মধ্যেই দারুণ এক সুযোগ পেয়ে গেলেন বাংলাদেশের আগ্রাসী ব্যাটসম্যান। গ্লোবাল সুপার লিগে তিনি খেলবেন লাহোর কালান্দার্সের হয়ে।
লাহোরের ব্যাটসম্যান আব্দুল্লাহ শাফিক ডাক পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজ সফরের পাকিস্তান টেস্ট দলে। তার বদলি হিসেবেই শামীমকে নিয়েছে পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজিটি। দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগে এই প্রথম খেলবেন ২৫ বছর বয়সী ব্যাটসম্যান। লাহোরে তিনি সতীর্থ হিসেবে পাচ্ছেন দেশেরই আরেক বাঁহাতি ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমনকে।
বাংলাদেশের হয়ে ৫২ টি২০ ও ৭টি ওয়ানডে খেলেছেন শামীম। টি২০ স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবে তাকে বিবেচনা করা হয় বরাবরই। তবে ফর্ম হারিয়ে তিনি জায়গা হারিয়েছেন বাংলাদেশের টি২০ দলে। ফেরার দাবি জানানোর বড় একটি মঞ্চ পেয়ে গেলেন তিনি।
২০ ওভারের ক্রিকেটে ১৪৬ ম্যাচ খেলে ২ হাজার ১৫৮ রান করেছেন শামীম ১৩৬.৪০ স্ট্রাইক রেটে। গ্লোবাল সুপার লিগে তিন ম্যাচ খেলে দুটিতে জিতেছে লাহোর। বুধবার স্যান ফ্রান্সিসকো ইউনিকর্নসের বিপক্ষে ম্যাচে দেখা যেতে পারে শামীমকে। এরপর প্লে অফে জায়গা করে নিলে ম্যাচ খেলার সুযোগ মিলবে আরও।