প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৬:২৮ পিএম (ভিজিট : ২৮)

X
মতবিনিময় সভা
গণিতে শিক্ষার্থীদের পারদর্শিতা বৃদ্ধি বিষয়ে সারিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুলাই) দুপুর দেড়টায় সারিয়াকান্দি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সারিয়াকান্দি উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রেজোয়ান হোসেন। সারিয়াকান্দি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ মোঃ মাহতাবুর রহমান মতবিনিময় সভার সভাপতিত্ব করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমাদের শিক্ষা ব্যবস্থায় গণিত বরাবরই একটি দুর্বোধ্য বিষয় হিসেবে পরিচিত। কিছু ব্যতিক্রম ছাড়া অধিকাংশ শিক্ষার্থীর কাছেই এটি কঠিন ও জটিল বলে মনে হয়। অবশ্য এই জটিল মনে হওয়ার দায় আমাদেরও আছে। শুধু শিক্ষার্থীরা নয়,অনেক শিক্ষকও গণিতকে দুর্বোধ্য মনে করেন। শৈশব থেকেই শিক্ষার্থীদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয় যে,গণিত একটি কঠিন বিষয় এবং এতে কোনো আনন্দ নেই। প্রথমে এই ধারণা জন্ম দেন মা-বাবা এবং অন্যান্য অভিভাবক, এরপর সেটি আরও গভীরভাবে প্রোথিত করেন শিক্ষক।
আমাদের শিশুদের মন থেকে এই ভয় দুর করতে হবে। এই ভয় দুর করতে আমরা কি কি ধরনের কৌশল ব্যাবহার করতে পারি এরকম পদ্ধতি খুঁজে বের করুন। কোন কোন আকর্ষণীয় উপকরণ ও বিকল্প পাঠ্যক্রমের মাধ্যমে গণিত শেখানো যায়। বাস্তব সমস্যা সমাধানের সঙ্গে যুক্ত করে বিষয়টিকে সহজবোধ্য করে তোলা যায় খুদে শিক্ষার্থীদের কাছে। আমাদের শিখন ব্যাবস্হায় গণিত শেখানোর পদ্ধতিতে কেমন বৈচিত্র্য আনতে হবে। যাতে শিক্ষার্থী বুঝতে পারে গণিত আসলে ভয়ঙ্কর নয়, বরং শিখন যোগ্য এবং যুক্তি নির্ভর একটি মজার বিষয়।
সারিয়াকান্দি উপজেলা শিক্ষা কর্মকর্তা স্বাগত বক্তব্যে বলেন, গণিতে গল্পভিত্তিক পাঠক্রম, এক্সপ্লোরেটরি লার্নিং, পাজল ও গেম-ভিত্তিক অনুশীলনের মতো বিকল্প উপায় নিয়ে ভাবতে হবে। এসব পদ্ধতি শিখনে আনন্দ আনবে এবং গণিতকে ভয় নয়, কৌতূহলের বিষয় করে তুলবে। অভিভাবকরাও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। সন্তান গণিতে দুর্বল শুনেই যদি তারা চাপ প্রয়োগ শুরু করেন, তাহলে শিশু আরও ভীত হয়ে পড়ে। বরং উৎসাহ ও ইতিবাচক মনোভাব দিয়ে তাকে সহায়তা করলে গণিত শিক্ষায় সে ধীরে ধীরে আত্মবিশ্বাস অর্জন করতে পারবে। শিক্ষকদের প্রতি তাদের আহ্বান থাকে কিভাবে গণিতকে সহজ করে শিক্ষার্থীদের কাছে তুলে ধরা যায় তার একটি পুনাঙ্গ পরামর্শ বা গাইড লাইন তৈরি করার।
মতবিনিময় সভায় সহকারী উপজেলা প্রাথমিক কর্মকর্তা, মো.বুলবুল আহম্মেদ, মো.আব্দুর রউফ মিয়া, মো.আশরাফ আলী, মো.মশিউল ইসলাম, মো.সাখাওয়াত হোসেন এছাড়াও উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহকারী ও শিক্ষকেরা উপস্থিত ছিলেন।