
X
নিকোলাস ওতামেন্দি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো
২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া হয়েছে আর্জেন্টিনার। ফাইনালের চারদিন পর জাতীয় দল থেকে অবসর নেন নিকোলাস ওতামেন্দি। কিংবদন্তি এই ডিফেন্ডারের অবসরের ঘোষণায় আবেগঘন বার্তা জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া পোস্টে ফিফা সভাপতি ওতামেন্দির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রতি শ্রদ্ধা জানান। ইনফান্তিনো বলেন, ‘অসাধারণ একটি আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্য নিকোলাস ওতামেন্ডিকে অভিনন্দন। ২০২২ সালের ফিফা বিশ্বকাপ বিজয়ী, ২০২৬ সালের রানার্সআপ এবং ১৩৯টি ম্যাচ খেলে আর্জেন্টিনার হয়ে সর্বাধিক ম্যাচ খেলা ফুটবলারদের একজন। আপনার নেতৃত্ব এবং দৃঢ়তা জাতীয় দলের এই সোনালী অধ্যায় গড়তে সাহায্য করেছে।’
ফিফা সভাপতি আরও বলেন, ‘বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের যে অবিস্মরণীয় মুহূর্তগুলো উপহার দিয়েছেন এবং অত্যন্ত গর্বের সঙ্গে আর্জেন্টিনার জাতীয় দলকে প্রতিনিধিত্ব করেছেন, তার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জীবনের আগামী অধ্যায়ের জন্য অনেক শুভকামনা।’
২০০৯ সালের ২০ মে পানামার বিপক্ষে আর্জেন্টিনার জার্সিতে অভিষেক করেন ওতামেন্দি। আলবিসেলেস্তেদের জার্সিতে খেলেছেন ৪টি বিশ্বকাপ। দেশের জার্সিতে একটি বিশ্বকাপসহ জিতেছেন দুটি কোপা আমেরিকা শিরোপা ও একবার জিতেছেন ফিনালিসিমা।
আর্জেন্টিনার জার্সিতে না খেললেও এখনি ফুটবল ছাড়ছেন না ওতামেন্দি। ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত রিভার প্লেটের সঙ্গে সম্প্রতি চুক্তি করেছেন এল জেনারেল খ্যাত এই ডিফেন্ডার। শনিবার নিজ দেশের ক্লাবটিতে অভিষেক হয় ওতামেন্দির।
এর আগে ইনস্টাগ্রামে অবসর ঘোষণায় নিজের সেরা মুহূর্তগুলোর একটি ভিডিও শেয়ার করে ওতামেন্দি লেখেন, ‘আজ আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন কথাগুলো লিখতে হচ্ছে। খুব ছোটবেলা থেকেই আর্জেন্টিনার জার্সি গায়ে জড়ানোর স্বপ্ন দেখতাম, আর এটাই ছিল ফুটবল থেকে পাওয়া সবচেয়ে বড় সৌভাগ্য। আমার সর্বোচ্চ দিয়ে, কোটি কোটি আর্জেন্টাইনদের অনুভূতির প্রতি দায়বদ্ধতা থেকে এই জার্সি রক্ষা করেছি।’
বিদায় বেলায় ওতামেন্দি আরও বলেন, ‘ভাগ্য এমন এক পরিণতি লিখেছিল যে আমার শেষ ম্যাচটি হলো একটি বিশ্বকাপ ফাইনাল। ফল আমাদের পক্ষে যায়নি, তবে শেষ সেকেন্ড পর্যন্ত এই দল সর্বস্ব উজাড় করে দিয়েছে—এই সান্ত্বনা নিয়ে আমি মাথা উঁচু করে বিদায় নিচ্ছি।’
তরুণ সতীর্থদের উদ্দেশে তিনি বলেন, ‘দলের বাকিদের হৃদয় থেকে বলছি: কখনো বিশ্বাস হারাতে হারবেন না। এমন কিছু বাধা আসবে যা অতিক্রম করা অসম্ভব মনে হতে পারে, কিন্তু এই জার্সি সবসময় তাদেরই পুরস্কৃত করে যারা বিনম্রতা, ত্যাগ এবং ভালোবাসার সাথে এর মর্যাদা রক্ষা করে। মাথা উঁচু রাখুন, লড়াই চালিয়ে যান এবং কোনো হার যেন আপনাদের আশা ছিনিয়ে নিতে না পারে।’
সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ওতামেন্দি বলেন, ‘আর্জেন্টিনার সমর্থকদের ধন্যবাদ। আপনাদের নিঃশর্ত ভালোবাসার জন্য, প্রতিটি পতাকার জন্য, প্রতিটি গানের জন্য এবং ভালো ও কঠিন—সব সময়ে পাশে থাকার জন্য ধন্যবাদ। জাতীয় সংগীত বাজার সময় আপনারা আমাদের বুঝিয়ে দিয়েছেন যে আমরা কেবল এগারো জন খেলোয়াড় নই, বরং কোটি মানুষ একই স্বপ্ন রক্ষা করছি।’
পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ওতামেন্দি শেষ করেন, ‘প্রতিটি লড়াইয়ে আমার শক্তি হওয়ার জন্য আমার পরিবারকে ধন্যবাদ। দেশের প্রতিনিধিত্ব করার এই বিশাল গর্ব নিয়ে আমি জাতীয় দল থেকে বিদায় নিচ্ছি। কারণ ট্রফি ইতিহাসের পাতায় থেকে যায়, কিন্তু এই রঙের প্রতি ভালোবাসা আজীবন বেঁচে থাকে। ধন্যবাদ, আর্জেন্টিনা। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার এবং বিশ্বের সবচেয়ে সুন্দর জার্সিটি পরার স্বপ্ন পূরণ করার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। বিদায়, জাতীয় দল।’