প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৯:২৪ এএম (ভিজিট : ৩৬)

X
প্রতীকী ছবি
মোবাইল ফোনে পরকীয়া প্রেমিকের সঙ্গে কথা বলার সময় কান্না করায় নিজের তিন বছর বয়সী সন্তানকে শ্বাসরোধ করে হত্যা করেছেন রুচি জিন্দাল নামে এক মা। মর্মান্তিক এবং একইসাথে ভয়াবহ এ ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের মথুরা জেলার ছৌলি গ্রামে।
ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত মাসের ২৮ তারিখ ওই শিশুটির মা তাকে হত্যা করে। এরপর তিনি তার স্বামী কৃষ্ণ মুরারি গুপ্তর কাছে ফোন দিয়ে জানান, তাদের সন্তান দীর্ঘক্ষণ কান্না করার পর আর নড়াচড়া করছে না। এরপর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে।
ঠিক একইদিনে ওই শিশুটিকে পোলিওর টিকা দেওয়া হয়েছিল। তাই স্ত্রীর কথা বিশ্বাস করে কৃষ্ণ মুরারি গুপ্ত ধারণা করেন, হয়তো পোলিও টিকার পার্শ্বপ্রতিক্রিয়া জনিত শারীরিক জটিলতার কারণেই তার সন্তানের মৃত্যু হয়েছে এবং তিনি কোনোরকম সন্দেহ ছাড়াই সন্তানকে সমাহিত করেন।
তবে গত সোমবার হঠাৎ করেই পরিস্থিতি পুরোপুরি বদলে যায়। মৃত শিশুর বাবা কৃষ্ণ মুরারি গুপ্ত দাবি করেন, তিনি হঠাৎ শুনতে পান তার স্ত্রী ফোনে এক ব্যক্তির সঙ্গে কথা বলার সময় শিশুটিকে হত্যার বিষয়টি স্বীকার করছেন।
এরপর নিতান্তই সন্দেহবশতঃ ফোনের কললিস্ট এবং মেসেজ চেক করলে বেরিয়ে আসে, স্বামীকে ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে এক প্রেমিকের সঙ্গে অবৈধ পরকীয়ার সম্পর্ক চালিয়ে যাচ্ছেন ৩২ বছর বয়সী গৃহবধূ রুচি জিন্দাল!
ন্যাক্কারজনক এ ঘটনার বিষয়ে পুলিশের ডেপুটি সুপারিন্টেনডেন্ট সঞ্জিব কুমার রায় বলেছেন, ময়নাতদন্তের জন্য শিশুটির মরদেহ উত্তোলন করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় বালদেব থানার কর্মকর্তা অজয় শর্মা জানিয়েছেন, রুচি জিন্দালের বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যার অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এ ঘটনায় এখনও তাকে গ্রেপ্তার করা হয়নি।