প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ১১:৫৩ এএম (ভিজিট : ২৫)

X
সংগৃহীত ছবি
রাশিয়ার একটি কারাগারে বন্দিদের কাছে মাদক পাচারে অভিনব কৌশল হিসেবে একটি বিড়ালকে ব্যবহার করার অভিযোগ উঠেছে। তবে পরিকল্পনা বাস্তবায়নের আগেই কারা কর্তৃপক্ষের হাতে ধরা পড়ে প্রাণীটি। তল্লাশি চালিয়ে তার গলায় বাঁধা বিশেষভাবে তৈরি দুটি কাপড়ের কলারের ভেতর থেকে নিষিদ্ধ মাদক উদ্ধার করা হয়।
রাশিয়ার ফেডারেল পেনিটেনশিয়ারি সার্ভিস (এফএসআইএন) জানিয়েছে, সংশোধনাগারের আশপাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে কারারক্ষীরা বিড়ালটিকে আটক করেন। পরে তার গলায় থাকা দুটি কালো কাপড়ের কলার খুলে পরীক্ষা করলে সেগুলোর ভেতরে লুকিয়ে রাখা নিষিদ্ধ মাদক পাওয়া যায়।
এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, কারা কর্মকর্তারা সতর্কতার সঙ্গে বিড়ালটির গলার কলার খুলে তল্লাশি করছেন। মাদকভর্তি কলার দুটি জব্দ করার পর প্রাণীটিকে ছেড়ে দেওয়া হয়।
ঘটনার পরপরই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে কারা কর্তৃপক্ষ। কারা বা কোন চক্র বন্দিদের কাছে মাদক পৌঁছে দিতে বিড়ালটিকে ব্যবহার করছিল, কীভাবে পুরো পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা হয়েছিল এবং এর সঙ্গে আর কারা জড়িত—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
এই ঘটনা সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই এটিকে কারাগারে মাদক পাচারের অন্যতম অস্বাভাবিক ও অভিনব কৌশল হিসেবে উল্লেখ করছেন।
সূত্র: সিএনএন