প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৩:১৮ পিএম (ভিজিট : ৬৩)

X
সংগৃহীত ছবি
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সোহাগদল ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা মো. জুলফিকার আলী শরীফের নামাজে জানাজা আজ যোহরের নামাজের পর স্বরূপকাঠি কলেজিয়েট স্কুল মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। জানাজা শেষে মরহুম জুলফিকার আলী শরীফ কে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে গার্ড অব অনার সহ প্রশাসন ও মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।
জানাজায় উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহমুদ, নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ মো. মেহেদী হাসান, বীর মুক্তিযোদ্ধা এস. এম. আলমসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, সহযোদ্ধা, আত্মীয়স্বজন এবং সর্বস্তরের মানুষ।
মো. জুলফিকার আলী শরীফ মহান মুক্তিযুদ্ধে ৯ নম্বর সেক্টরের অধীনে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে যুদ্ধ করে দেশের স্বাধীনতায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন। স্বাধীনতার পর তিনি শিক্ষা বিস্তারে আত্মনিয়োগ করেন এবং নেছারাবাদ উপজেলার কবিগুরু রবীন্দ্রনাথ কলেজের অধ্যক্ষ হিসেবে দীর্ঘদিন সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।
রাজনৈতিক জীবনেও তিনি ছিলেন সক্রিয়। জাতীয় পার্টি (এরশাদ) নেছারাবাদ উপজেলা শাখার সভাপতির দায়িত্ব পালনসহ বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এলাকাবাসীর শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, বার্ধক্যজনিত নানা জটিলতায় তিনি প্রায় ১৫ দিন ধরে বাংলাদেশ মেডিকেল কলেজ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গতকাল রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর মৃত্যুতে নেছারাবাদজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। একজন বীর মুক্তিযোদ্ধা, শিক্ষাবিদ ও সমাজসেবক হিসেবে তাঁর অবদান নেছারাবাদের মানুষ দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।