প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৯:৩০ পিএম (ভিজিট : ৫১)

X
মানববন্ধন করেছেন এলাকাবাসী
আমি একজন কৃষক। গত বছর ৪ কাঠা জমিতে লাউ চাষ করেছিলাম। কিন্তু এই রাস্তার কারণে লাউ বিক্রি করতে পারিনাই ক্ষেতেই বাত্তি হয়েছে। ধুন্দুল চাষ করেছিলাম সেটাও গাঙ্গে ফেলে দিতে হয়েছে। রাস্তার কারণে এখন কৃষিকাজই ছেড়ে দেওয়ার কথা ভাবছি। আমাদের একটাই দাবি রাস্তাটি দ্রুত পাকা করা হোক।
কথাগুলো বলছিলেন নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সদর ইউনিয়নের ভুগাইকান্দা গ্রামের কৃষক মহিবুল্লাহ মিয়া।
দীর্ঘদিন ধরে প্রায় ১ কিলোমিটার কাঁচা রাস্তা বর্ষায় হাঁটুসমান কাদায় চলাচলে চরম দুর্ভোগে পড়েছেন ওই গ্রামের কয়েক হাজার মানুষ। শুক্রবার (৩১ জুলাই) দুপুরে পাকা রাস্তার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ভুগাইকান্দা গ্রামের ইব্রাহিমের বাড়ি থেকে বাবুল মড়লের বাড়ি পর্যন্ত প্রায় ১ কিলোমিটার মাটির রাস্তা কাঁচা। বর্ষা মৌসুমে হাঁটুসমান কাদা মাড়িয়ে চলাচল করতে হয় স্থানীয়দের। এ সড়ক ব্যবহার করেই এলাকার স্কুল, মাদ্রাসা ও মসজিদে যাতায়াত করতে হয়।
ওই গ্রামের আরেক বাসিন্দা বলেন, আমার একটি মুরগির খামার আছে। খামারের খাদ্য মাথায় করে নিয়ে যেতে হয়। এক কিলোমিটার খাদ্য বহন করতে অতিরিক্ত ৪০ টাকা গুনতে হয়।
স্থানীয় মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা আশরাফুল ইসলাম বলেন, এখানে একটি মসজিদ ও একটি মাদ্রাসা রয়েছে। বিভিন্ন এলাকা থেকে শিক্ষার্থীরা এখানে পড়তে আসে। কিন্তু বর্ষাকালে কাদার কারণে তাদের চলাচল খুবই কষ্টকর হয়ে পড়ে। শুক্রবারে অনেক মুসল্লিও কাদার কারণে মসজিদে আসতে পারেন না বাধ্য হয়ে দূরের মসজিদে গিয়ে নামাজ আদায় করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাদাত বলেন, বিষয়টি খোঁজ নিয়ে মানুষের দুর্ভোগ কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।