প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ৪:৪১ পিএম (ভিজিট : ২৬)

X
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের টুইন ফলস শহরের একটি ইন-অ্যান্ড-আউট বার্গার রেস্তোরাঁয় ভয়াবহ বন্দুক হামলায় একাধিক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, শনিবার (১ আগস্ট) বিকেলে সংঘটিত এ হামলায় সন্দেহভাজন বন্দুকধারীও নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন টুইন ফলস পুলিশের প্রধান ম্যাথিউ হিকস।
তিনি জানান, বর্তমানে জনসাধারণের জন্য আর কোনো তাৎক্ষণিক নিরাপত্তা ঝুঁকি নেই। তবে নিহত ও আহতের সুনির্দিষ্ট সংখ্যা এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
পুলিশপ্রধানের ভাষ্য, হামলার পর ঘটনাস্থলে চরম বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এবং আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
প্রত্যক্ষদর্শী লেন কোয়েন জানান, তিনি রেস্তোরাঁটির কাছাকাছি একটি ট্রাফিক সিগন্যালে অপেক্ষা করছিলেন। এ সময় তিনি দেখেন, ড্রাইভ-থ্রু অংশ থেকে এআর-ধরনের একটি রাইফেল হাতে একজন বেরিয়ে আসেন। পরে পিস্তলধারী আরেক ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি চালান।
তিনি আরও জানান, রেস্তোরাঁর এক কর্মী বুকে গুলিবিদ্ধ এক নারীকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেন এবং চিকিৎসাকর্মীদের আসা পর্যন্ত তার পাশে থাকেন। আহত ওই নারীর অবস্থা গুরুতর ছিল বলে উল্লেখ করেন তিনি।
এদিকে, টুইন ফলস শহরের মুখপাত্র জশ পামার বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে হামলায় একজনই জড়িত ছিলেন। তবে হামলাকারীর পরিচয় এবং এ ঘটনায় অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারীরা।
ঘটনার পর আইডাহোর সিনেটর মাইক ক্রাপো জরুরি সেবাকর্মীদের দ্রুত ও পেশাদার পদক্ষেপের প্রশংসা করে বলেন, তাদের তাৎক্ষণিক তৎপরতা পরিস্থিতি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।