
X
নীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমানে বিরোধীদলের বক্তব্য ও রাজনৈতিক অবস্থানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ভাষা ও কৌশলের প্রতিফলন দেখা যাচ্ছে। তার অভিযোগ, বিরোধীদলের কিছু নেতা আওয়ামী লীগের মতোই সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন।
সোমবার (৩ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘জুলাই গণঅভ্যুত্থান দ্বিতীয় বর্ষ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি জুলাই সনদ প্রসঙ্গে বলেন, এ নিয়ে সংসদে একটি কমিটি গঠন করা হয়েছে। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শাসনের অবসান হয়েছে এবং অন্তর্বর্তী সরকার গণতান্ত্রিক পরিবেশ তৈরির উদ্যোগ হিসেবে জুলাই সনদ প্রণয়ন করেছে।
বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না এমন অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়ে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, এ ধরনের বক্তব্যের কোনো ভিত্তি নেই। বিএনপি জুলাই সনদের প্রতিটি বিষয় বাস্তবায়নে আন্তরিক এবং সে লক্ষ্যেই কাজ করছে।
তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে সবাই একসঙ্গে কাজ করেছেন এবং সাংবাদিকদেরও গুরুত্বপূর্ণ সহযোগিতা পাওয়া গেছে। গত ১৭ বছরে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা হয়েছে, অনেককে গুম ও হত্যার শিকার হতে হয়েছে বলেও দাবি করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, বিএনপি জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করেছে এবং উন্নয়ন ও গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখতে কাজ করছে। গণভোটের চারটি প্রশ্নের মধ্যে তিনটির সঙ্গে বিএনপি একমত ছিল, একটি বিষয়ে ভিন্নমত ছিল।
তিনি আরও বলেন, জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নের চেষ্টা চলছে। এ নিয়ে সংসদে আলোচনা হবে। শব্দচয়ন নিয়ে মতপার্থক্য থাকলেও তা সংসদীয় প্রক্রিয়ার মাধ্যমেই সমাধান করা উচিত।
বিরোধীদলের উদ্দেশে তিনি বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে সংসদের ভেতরেই কার্যকর ভূমিকা রাখতে হবে। সংসদের বাইরে না গিয়ে বিরোধীদলকে তাদের সাংবিধানিক দায়িত্ব পালন করা উচিত।
দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া সাম্প্রতিক অপ্রীতিকর ঘটনার নিন্দাও জানান স্থানীয় সরকারমন্ত্রী।