প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ২:২৩ পিএম (ভিজিট : ৩৭)

X
প্রতীকী ছবি
যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের সাউথসেন্ট্রাল অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
স্থানীয় সময় শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যায় প্রত্যন্ত ওই এলাকায় ভূমিকম্পটি অনুভূত হয়।
আর্থকোয়েক সেন্টারের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৬। তবে তাৎক্ষণিকভাবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সূত্র: আলাস্কা নিউজ
ভূমিকম্পটি স্থানীয় সময় রাত ৮:৫০ মিনিটে স্কওয়েন্টনা থেকে প্রায় ৪৩ মাইল উত্তর-পশ্চিমে এবং অ্যাঙ্করেজ থেকে ১০৭ মাইল উত্তর-পশ্চিমে ও ভূ-পৃষ্ঠের ৬.২ মাইল গভীরে সংঘটিত হয়।
আলাস্কা আর্থকোয়েক সেন্টারের তথ্য অনুযায়ী, ভূকম্পনটি যে এলাকায় উৎপত্তি হয়েছে সেটি ভূ-কম্পনগতভাবে সাধারণত শান্ত অঞ্চল হিসেবে পরিচিত। সংস্থাটি জানায়, এই অঞ্চলের জানা ফল্ট লাইনগুলো যেমন ইডিটারড-নিক্সন ফর্ক এবং পশ্চিম ডেনালি ফাল্ট নিয়ে কোনো ঐতিহাসিক বা হোলোসিন যুগের ভূমিকম্পের রেকর্ড নেই। গড়ে এই অঞ্চলে প্রতি দুই বছরে একবার ৪ থেকে ৫ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়।
যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানায়, এই ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা, পরামর্শ বা হুমকির আশঙ্কা নেই।