সৌরভ-ডোনাকে হত্যার হুমকি, তদন্তে কলকাতা পুলিশ

অনলাইন ডেস্ক

খেলাধুলা

ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক ও বিসিসিআইয়ের সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলী এবং তার স্ত্রী ডোনা গাঙ্গুলীকে প্রাণনাশের হুমকি দিয়ে

2026-08-11T12:07:20+00:00
2026-08-11T12:07:20+00:00
মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬ ২৭ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬
   
সৌরভ-ডোনাকে হত্যার হুমকি, তদন্তে কলকাতা পুলিশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ১২:০৭ পিএম   (ভিজিট : ০)
ফাইল ছবি
X

ফাইল ছবি

ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক ও বিসিসিআইয়ের সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলী এবং তার স্ত্রী ডোনা গাঙ্গুলীকে প্রাণনাশের হুমকি দিয়ে একাধিক চিঠি পাঠানোর ঘটনায় তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রায় ছয় মাস ধরে সৌরভের নামে হুমকির চিঠি আসলেও সাম্প্রতিক চিঠিগুলোতে তাকে ও তার স্ত্রীকে সরাসরি হত্যার হুমকি দেওয়ার পাশাপাশি তাদের ঘনিষ্ঠজনদের ক্ষতি করার কথাও উল্লেখ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে চিঠিগুলোর উৎস ও হুমকিদাতাকে শনাক্তে তদন্ত চালাচ্ছে পুলিশ।

সোমবার (১০ আগস্ট) সৌরভ গাঙ্গুলীর কার্যালয়ে সর্বশেষ দুটি হুমকির চিঠি পৌঁছায়। পরে বিষয়টি জানিয়ে দক্ষিণ কলকাতার ঠাকুরপুকুর থানায় লিখিত অভিযোগ করা হয়। বর্তমানে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সভাপতির দায়িত্বে থাকা সৌরভের ম্যানেজারের মাধ্যমে অভিযোগটি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই পুলিশের সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, গত প্রায় ছয় মাস ধরে সৌরভের নামে একাধিক হুমকির চিঠি আসছিল। তবে সাম্প্রতিক সময়ে পাওয়া চিঠিগুলোর ভাষা আগের তুলনায় বেশি গুরুতর। এসব চিঠিতে সৌরভ ও ডোনা গাঙ্গুলীকে সরাসরি হত্যার হুমকি দেয়া হয়েছে। একই সঙ্গে তাদের ঘনিষ্ঠজনদেরও ক্ষতি করার হুমকি দেয়া হয়েছে বলে তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ তদন্তে নেমেছে। হুমকির চিঠিগুলোর বিষয়বস্তু, সেগুলো কীভাবে পাঠানো হয়েছে এবং কারা এর সঙ্গে জড়িত এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। চিঠিগুলোর প্রেরককে শনাক্ত করতে কুরিয়ার ব্যবস্থার তথ্যও যাচাই করছেন তদন্তকারীরা।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, হুমকির চিঠিগুলো একটি নিবন্ধিত কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হয়ে থাকতে পারে। এর মধ্যে একটি চিঠি উত্তর চব্বিশ পরগনা জেলার বেলঘরিয়া এলাকার কোনো ব্যক্তির কাছ থেকে পাঠানো হয়েছে বলে প্রাথমিকভাবে সন্দেহ করছে পুলিশ। এ বিষয়ে নিশ্চিত হতে সংশ্লিষ্ট কুরিয়ার প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেছেন তদন্তকারীরা।

চিঠি পাঠানোর ঘটনায় ব্যবহৃত হয়েছে বলে ধারণা করা একটি মোবাইল নম্বরের সন্ধানও পেয়েছে পুলিশ। নম্বরটির অবস্থান, ব্যবহারকারী এবং তার সঙ্গে হুমকির চিঠি পাঠানোর কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

তদন্তকারীরা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারেননি যে ছয় মাস ধরে পাঠানো সব কটি চিঠির পেছনে একই ব্যক্তি রয়েছে কি না। এর সঙ্গে একাধিক ব্যক্তি কিংবা কোনো সংগঠিত চক্র জড়িত কি না, সেটিও তদন্তের অংশ হিসেবে দেখা হচ্ছে।

সৌরভ গাঙ্গুলী বর্তমানে সিএবির সভাপতির দায়িত্ব পালন করছেন। ক্রিকেটার হিসেবে ভারতের অন্যতম সফল অধিনায়ক হিসেবে পরিচিত সৌরভ পরবর্তী সময়ে বিসিসিআইয়ের সভাপতির দায়িত্বও পালন করেন। তার বিরুদ্ধে দেয়া সাম্প্রতিক হুমকির বিষয়টি তাই গুরুত্বের সঙ্গে দেখছে কলকাতা পুলিশ। হুমকির উৎস দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার চেষ্টা চলছে বলে তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy