প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ১১:৫৫ এএম (ভিজিট : ২)

X
সংগৃহীত ছবি
রোনালদো ও জর্জিনা রদ্রিগেজের বিয়ের আয়োজন ছিল অনেকটাই গোপনীয়। বিয়ের খবর প্রকাশের আগে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে তেমন কিছু জানা যায়নি। পরে বিভিন্ন প্রতিবেদনে জানা যায়, পর্তুগালের রাজধানী লিসবনের কাছাকাছি উপকূলীয় শহর কাসকাইসে ঘরোয়া পরিবেশে বিয়ের আয়োজন করা হয়। ব্রান্সউইক গ্রুপের এক ঘোষণাতেও অনুষ্ঠানের স্থান হিসেবে কাসকাইসের নাম উল্লেখ করা হয়েছে।
রোনালদো ও জর্জিনার প্রেমের গল্পের শুরু প্রায় এক দশক আগে, ২০১৬ সালে মাদ্রিদে। একটি গুচি বুটিকে তাদের প্রথম দেখা হয়। তখন সেখানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন জর্জিনা, আর রোনালদো ছিলেন রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার। প্রথম সাক্ষাৎ ছিল সংক্ষিপ্ত; তবে কয়েক দিন পর একটি ব্র্যান্ডের অনুষ্ঠানে আবারও দেখা হয় দুজনের। সেই সাক্ষাতেই কাজের ব্যস্ততার বাইরে একে অপরকে আরও কাছ থেকে জানার সুযোগ পান তারা।
এই সময়ে তাদের পরিবারও বড় হয়েছে। ২০১৭ সালের নভেম্বরে জর্জিনার কোলজুড়ে আসে কন্যাসন্তান আলানা মার্টিনা। এর কয়েক মাস আগে সারোগেসির মাধ্যমে রোনালদোর যমজ সন্তান মাতেও ও এভা মারিয়ার জন্ম হয়। রোনালদোর বড় ছেলে ক্রিশ্চিয়ানো জুনিয়রের পাশাপাশি যমজ সন্তানদেরও নিজের পরিবারের অংশ হিসেবে গ্রহণ করেন জর্জিনা। পরে তাদের পরিবারে আসে আরেক কন্যা বেলা এসমেরাল্ডা।
সব মিলিয়ে পাঁচ সন্তানকে ঘিরে গড়ে উঠেছে রোনালদো-জর্জিনার পরিবার। ক্রিশ্চিয়ানো জুনিয়র, যমজ এভা ও মাতেও, আলানা মার্টিনা এবং বেলা এসমেরাল্ডা। বিয়ের ব্যক্তিগত অনুষ্ঠানেও সন্তানদের উপস্থিতি ছিল বলে জানা গেছে।
বিয়ের আগে গত বছরের ১১ আগস্ট নিজেদের বাগদানের খবর প্রকাশ করেছিলেন রোনালদো ও জর্জিনা। জর্জিনা তখন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বড় আংটির ছবি প্রকাশ করে স্প্যানিশ ভাষায় লিখেছিলেন, হ্যাঁ, আমি রাজি। এই জীবনেও এবং আমার সব জীবনেই। সেই পোস্টের এক বছর পর একই তারিখে তাদের বিয়ের খবর সামনে এলো।
ফুটবল মাঠে রোনালদোর ক্যারিয়ারও চলছে নিজের গতিতে। পর্তুগালের হয়ে ১৪৬ গোল করে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা তিনি। পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা ক্লাব ক্যারিয়ারে খেলেছেন স্পোর্টিং, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের মতো বড় ক্লাবে। বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে খেলছেন তিনি।
সম্প্রতি পর্তুগালের হয়ে নিজের ষষ্ঠ বিশ্বকাপে অংশ নিয়ে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পুরুষদের বিশ্বকাপের মূলপর্বে ছয়বার খেলার কীর্তিতে আর্জেন্টিনার লিওনেল মেসির সঙ্গে যৌথভাবে শীর্ষে রয়েছেন তিনি। তবে সর্বশেষ বিশ্বকাপের অভিজ্ঞতা রোনালদো ও পর্তুগালের জন্য প্রত্যাশামতো সুখকর হয়নি।
মাঠের বাইরের জীবনে অবশ্য এবার নতুন এক অধ্যায়ের সূচনা করেছেন পর্তুগিজ এই তারকা। দীর্ঘদিনের প্রেম, একসঙ্গে পথচলা ও সন্তানদের নিয়ে গড়ে তোলা পরিবারকে এবার আনুষ্ঠানিকভাবে বিয়ের বন্ধনে আবদ্ধ করেছেন রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ। বিয়ের খবরটিও জানিয়েছেন নিজেদের স্বভাবসুলভ অনাড়ম্বর ভঙ্গিতে—একটি ছোট্ট ছবির সঙ্গে মাত্র তিনটি অক্ষর ও একটি হৃদয়ের প্রতীক, ‘C❤️G’।