প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৩:২৫ পিএম (ভিজিট : ১)

X
পেশাদার ব্যাংকার সুফিয়া আক্তার
দেশের ব্যাংকিং খাতে দীর্ঘ ২৬ বছরের অভিজ্ঞতা সম্পন্ন পেশাদার ব্যাংকার সুফিয়া আক্তার ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)-তে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে যোগ দিয়েছেন। নতুন দায়িত্বে তিনি ব্যাংকটির হোলসেল ব্যাংকিং বিভাগের নেতৃত্ব দেবেন।
ব্যাংকিং জগতে দক্ষতা, সততা ও পেশাদারিত্বের জন্য সুপরিচিত সুফিয়া আক্তার তার কর্মজীবনের বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রেখে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন সফল ও ন্যায়পরায়ণ ব্যাংকার হিসেবে। ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত করা যেখানে বড় ধরনের চ্যালেঞ্জ, সেখানে প্রতিকূল পরিস্থিতিতেও পেশাদারি অবস্থান অটুট রাখার সক্ষমতা দেখিয়েছেন তিনি।
এর আগে তিনি ব্যাংক এশিয়া পিএলসি-তে ট্রানজ্যাকশন ব্যাংকিং বিভাগ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার নেতৃত্বে বিভাগটি উল্লেখযোগ্য ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জন করে। এছাড়াও তিনি এইচএসবিসি (HSBC), স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, সিটি ব্যাংক, মেঘনা ব্যাংক ও ব্যাংক এশিয়া-তে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে কর্মরত ছিলেন।
করপোরেট ব্যাংকিং, ট্রানজ্যাকশন ব্যাংকিং, ক্যাশ ম্যানেজমেন্ট, ট্রেড ফাইন্যান্স, ট্রেজারি সলিউশনস এবং ওয়ার্কিং ক্যাপিটাল ফাইন্যান্সিংয়ে তার রয়েছে বিস্তৃত দক্ষতা ও অভিজ্ঞতা।
ব্যাংকিং খাতে নারীদের অংশগ্রহণ এখনও তুলনামূলকভাবে কম। বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক তথ্যানুযায়ী, দেশের ব্যাংকিং খাতে নারী কর্মীর অংশগ্রহণ মোট জনবলের প্রায় ১৬.৮ শতাংশ হলেও উচ্চপদস্থ ও নীতিনির্ধারণী পর্যায়ে তাদের উপস্থিতি এখনও সীমিত। এ প্রেক্ষাপটে সুফিয়া আক্তারের নতুন দায়িত্ব গ্রহণ নারী নেতৃত্বের জন্য একটি ইতিবাচক উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) বাংলাদেশের প্রথম প্রজন্মের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত ব্যাংকটি বর্তমানে দেশব্যাপী দুই শতাধিক শাখা এবং আধুনিক ডিজিটাল ব্যাংকিং সেবা পরিচালনা করছে।
সুফিয়া আক্তার Future CEO Program এবং Future CEO Leadership Recharge Program (WSDA, New Zealand)-এর গ্র্যাজুয়েট। সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, তার যোগদানের মাধ্যমে ইউসিবির হোলসেল ব্যাংকিং কার্যক্রম আরও শক্তিশালী হবে এবং গ্রাহকবান্ধব সেবা সম্প্রসারণে নতুন গতি সৃষ্টি হবে।