প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৯:৫৬ এএম (ভিজিট : ১)

X
সংগৃহীত ছবি
কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় গণঅধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসী ও দুষ্কৃতিকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
রোববার (১৬ আগস্ট) দেওয়া এক বিবৃতিতে তিনি এ দাবি জানান। একই সঙ্গে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তা মোড়ে জনসংযোগ শেষে বাসায় ফেরার পথে পুলিশি এসকর্টে থাকা মুফতি আমির হামজার গাড়িবহরে অতর্কিত হামলা চালানো হয়। এ সময় হকিস্টিক ও ইট-পাটকেল দিয়ে হামলা করা হয় বলে দাবি করেন তিনি।
জামায়াতের এই নেতা বলেন, হামলায় মুফতি আমির হামজা, তাঁর পরিবারের সদস্য ও সফরসঙ্গীসহ সাতজন গুরুতর আহত হয়েছেন। একজন নির্বাচিত জনপ্রতিনিধির ওপর পুলিশের উপস্থিতিতে এ ধরনের হামলা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বহিঃপ্রকাশ বলেও মন্তব্য করেন তিনি।
মিয়া গোলাম পরওয়ার আরও অভিযোগ করেন, সম্ভাব্য বিশৃঙ্খলা ও উসকানিমূলক বক্তব্যের বিষয়ে মুফতি আমির হামজা আগেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করেছিলেন। এরপরও ঘটনাস্থলে পুলিশের নিষ্ক্রিয় ও নীরব ভূমিকা ছিল বলে দাবি করেন তিনি।
বিবৃতিতে তিনি হামলার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনকে নিরপেক্ষ ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।