প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ১১:২৯ এএম (ভিজিট : ২)

X
সংগৃহীত ছবি
টলিউডের প্রবীণ চলচ্চিত্র পরিচালক রাজা সেন আর নেই। গতকাল সকালে কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন রাজা সেন। সম্প্রতি নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার পাশাপাশি তার ফুসফুসের কার্যকারিতাও কমে যায়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ভেন্টিলেশনে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।
পরিবার সূত্রে জানা গেছে, গত ১৪ আগস্ট সকালে পরপর দুবার হৃদরোগে আক্রান্ত হন পরিচালক। এর আগে চলতি বছরের শুরুতেও তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সে সময় তার কোমরে অস্ত্রোপচার হয়। প্রায় ১০ বছর আগে একটি সিনেমার শুটিংয়ের সময় কোমরে আঘাত পাওয়ার পর থেকেই নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি।
রাজা সেনের ‘দামু’ শ্রেষ্ঠ শিশুকাহিনচিত্র হিসেবে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার (স্বর্ণকমল) অর্জন করে। আরেক ছবি ‘আত্মীয় স্বজন’ পরিবারকল্যাণমূলক শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে জাতীয় পুরস্কার লাভ করে। রাজা সেন পরিচালিত অন্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে দেশ, দেবীপক্ষ, কৃষ্ণকান্তের উইল, ল্যাবরেটরি, তিনমূর্তি ও ভালবাসার গল্প ।
রাজা সেনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর টলিউডে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী ও শিল্পীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে স্মরণ করছেন। পরিচালকের মৃত্যুতে শোক জানিয়ে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, একজন কিংবদন্তির বিদায় সবসময়ই বেদনাদায়ক। বাংলা চলচ্চিত্রে তার অবদান আমাদের কাছে অমূল্য। রাজাদা, আপনাকে শ্রদ্ধায় স্মরণ করছি। আপনার সৃষ্টি ও স্মৃতি চিরকাল থেকে যাবে।