প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ১১:৫৭ এএম (ভিজিট : ১)

X
সংগৃহীত ছবি
আসন্ন কলকাতা পঞ্চম ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালের ফিচার ফিল্ম প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে বাংলাদেশের দুই সিনেমা। পিপলু আর খানের ‘জয়া আর শারমিন’ এবং নুরুল আলম আতিকের ‘মানুষের বাগান’ প্রতিযোগিতায় নির্বাচিত হয়েছে। এবারের আসরে বিশ্বের বিভিন্ন দেশের মোট ১৯টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অংশ নিচ্ছে।
উৎসবে নির্বাচিত সিনেমাগুলো সেরা ও দ্বিতীয় সেরা ফিচার ফিল্মের পুরস্কারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে। বিজয়ীদের দেয়া হবে বিমল রায় গোল্ডেন অ্যাওয়ার্ড ও বিমল রায় সিলভার অ্যাওয়ার্ড। প্রামাণ্যচিত্র বিভাগে নির্বাচিত হয়েছে মকবুল চৌধুরী পরিচালিত বাংলাদেশ-যুক্তরাজ্যের সিনেমা মামুন-ইন প্রেইজ অব শ্যাডোজ। এ বিভাগে সেরা দুটি চলচ্চিত্রকে দেয়া হবে হরিসাধন দাশগুপ্ত গোল্ডেন ও সিলভার অ্যাওয়ার্ড।
জয়া আর শারমিন সিনেমাটির অন্যতম প্রযোজক ও গল্পরাজ্য ফিল্মসের কর্ণধার আবু শাহেদ ইমন বলেন, ‘এ নির্বাচন ছবিটিকে নতুন দর্শকের কাছে পৌঁছে দেয়ার গুরুত্বপূর্ণ সুযোগ। কলকাতার নন্দনে বিশ্বের বিভিন্ন দেশের সিনেমার সঙ্গে বাংলাদেশের চলচ্চিত্র হিসেবে জয়া আর শারমিন প্রদর্শিত হবে।’
৮৬ মিনিটের সিনেমাটির গল্প দুই ভিন্ন আর্থসামাজিক অবস্থানের নারীকে ঘিরে। কভিড-১৯ লকডাউনের সময় তারা একই বাড়িতে আটকা পড়ে। একজন অভিনেত্রী জয়া, অন্যজন তার গৃহকর্মী শারমিন। বিচ্ছিন্ন এই সময়ে ভয়, অনিশ্চয়তা ও দৈনন্দিন টানাপড়েনের মধ্য দিয়ে তাদের মধ্যে তৈরি হয় অপ্রত্যাশিত ঘনিষ্ঠতা। তবে সময় গড়ানোর সঙ্গে মানসিক চাপ ও সম্পর্কের অসমতা সেই বন্ধনকে জটিল করে তোলে।
জয়া চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান এবং শারমিন চরিত্রে মহসিনা আক্তার। অতিথি চরিত্রে আছেন তানজিম সাইয়ারা তটিনী। গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পিপলু আর খান ও নুসরাত ইসলাম মাটি। ২০২৫ সালের ১৬ মে প্রেক্ষাগৃহে মুক্তির পর একই বছরের ২৫ সেপ্টেম্বর চরকিতে আসে সিনেমাটি। সিনেমাটির জন্য মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৫-এ সেরা পরিচালকের পুরস্কার পান পিপলু আর খান। শারমিন চরিত্রে অভিনয়ের জন্য গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড ২০২৫-এ বেস্ট ব্রেকথ্রু পারফরম্যান্স পুরস্কার পান মহসিনা আক্তার।
অন্যদিকে মানুষের বাগান সিনেমাটির কাজ শুরু হয় ২০১৮ সালে। এক বছরের মধ্যে শুটিং শেষ হলেও নানা কারণে মুক্তির জন্য প্রস্তুত হতে সময় লাগে। চলতি বছর নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৫তম দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রের পুরস্কার জেতে সিনেমাটি।
নুরুল আলম আতিকের এই সিনেমার কাহিনী সমাজের বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের পাঁচটি গল্পকে ঘিরে। এতে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক, অর্চিতা স্পর্শিয়া, মাহমুদ আলম, প্রসূন আজাদ, দীপান্বিতা মার্টিন, ইকবাল আহমেদ, জ্যোতিকা জ্যোতিসহ অনেকে। পঞ্চম ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল কলকাতা আগামী ৮-১৩ সেপ্টেম্বর কলকাতার নন্দনে অনুষ্ঠিত হবে।