প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৪:০৮ পিএম (ভিজিট : ০)

X
সংগৃহীত ছবি
ভারতের রাজধানী দিল্লির মেট্রোরেলে এক নারী যাত্রীর গোপনে ছবি তোলার অভিযোগে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (সিআইএসএফ) এক সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় মেট্রোর কামরায় যাত্রীদের সঙ্গে ওই নিরাপত্তাকর্মীর বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনাও ঘটে।
শনিবার (১৫ আগস্ট) মধ্যরাতে দিল্লি মেট্রোর হলুদ লাইনের এইমস স্টেশনে এ ঘটনা ঘটে। পরে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, মেট্রোর কামরার ভেতরে কয়েকজন যাত্রী এক যুবককে ঘিরে রেখেছেন। অভিযোগ ওঠা ওই ব্যক্তি সিআইএসএফের সদস্য। শুরুতে তিনি গোপনে ছবি তোলার অভিযোগ অস্বীকার করেন।
তবে ভুক্তভোগী নারী ও কয়েকজন যাত্রী তার মোবাইল ফোন পরীক্ষা করার দাবি জানান। পরে ফোনের গ্যালারি পরীক্ষা করে ওই নারীর ছবি পাওয়া গেছে বলে অভিযোগ করা হয়। এরপরই যাত্রীদের সঙ্গে ওই নিরাপত্তাকর্মীর তর্ক শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি হাতাহাতিতে গড়ায়।
ভিডিওতে ওই নারীকে ক্ষুব্ধ কণ্ঠে বলতে শোনা যায়, এসব কী? আমার ছবিগুলো ডিলিট করুন।
এ সময় কয়েকজন যাত্রী ওই নিরাপত্তাকর্মীর কাছ থেকে ফোন নেওয়ার চেষ্টা করেন। তিনি বাধা দিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
ঘটনার পর সিআইএসএফের পক্ষ থেকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সংস্থাটি জানায়, অভিযুক্ত জওয়ানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিস্তারিত তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
মেট্রো পুলিশ সূত্রে জানা গেছে, রাত ১২টা ৪০ মিনিটের দিকে এ ঘটনায় পুলিশের কাছে ফোন আসে। অভিযোগ করা হয়, এক সিআইএসএফ জওয়ান অনুমতি ছাড়াই এক নারীর ছবি তুলছিলেন। ঘটনার পর বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।