প্রকাশ: বুধবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২২, ৪:০৬ পিএম আপডেট: ২৯.০৭.২০২২ ৪:৪৬ পিএম (ভিজিট : ৫৫)

X
এবার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক সহকারি প্রক্টরকে অব্যাহতি দিয়ে এ পদে নতুন আরও চারজনকে নিয়োগ দেয়া হয়েছে। প্রক্টর ও ছাত্র কল্যাণ উপদেষ্টা পদে পরিবর্তন আনার পর এ চারজনকে নিয়োগ দেয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন স্বাক্ষরিত আলাদা অফিস আদেশে মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সহকারী প্রক্টর পদে নতুন নিয়োগ ও একজনকে অব্যাহতি প্রদান করা হয়। বুধবার (১৬ ফেব্রুয়ারি) এ বিষয়টি জানাজানি হয়।
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন বলে অফিস আদেশে বলা হয়েছে। অফিস আদেশে সহকারি প্রক্টরের দায়িত্বে থাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক তাসনিয়া মিজান চৌধুরীকে এই পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এ ব্যাপারে শাবি রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন বুধবার বলেন, এটি বিশ্ববিদ্যালয়ের একটি রুটিন ওয়ার্ক। এর পেছনে অন্য কোনো কারণ নেই।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম গতিশীল করতে আরও চারজনকে সহকারি প্রক্টর নিয়োগ দেয়া হয়েছে বলে জানান তিনি। নতুন চারজন সহকারি প্রক্টর নিয়োগ দেয়ায় বর্তমানে শাবির প্রক্টরিয়াল বডির সদস্য সংখ্যা ১২ জন।
সহকারি প্রক্টর পদে নতুন নিয়োগপ্রাপ্তরা হলেন, বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক মো. আবদুল হালিম, নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ জাভেদ কায়সার ইবনে রহমান, লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মোস্তফা কামাল ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শাহেলী পারভীন।
শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পুরো প্রক্টরিয়াল বডিসহ প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত সকলের অপসারণ দাবি করে আসছিলেন শাবির আন্দোলনকারী শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের দাবির মুখে গত ১০ ফেব্রæয়ারি শাবি প্রক্টর ড. আলমগীর কবিরকে সরিয়ে নেয়া হয়। এর আগে সরানো হয় ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক ম অধ্যাপক জহির উদ্দিন আহমদকে। তবে শিক্ষার্থীদের মূল দাবি ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ বিষয়টি এখনও সুরাহা হয় নি।
এদিকে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিতের পর মঙ্গলবার থেকে শাবিতে অনলাইনে ক্লাস শুরু হয়েছে। গত সোমবার থেকে খুলে দেয়া হয়েছে শাবির সব হল। এছাড়া বুধবার থেকে শুরু হয়েছে স্নাতক প্রথম বর্ষের পঞ্চম ধাপের ভর্তি কার্যক্রম।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন বলেন, জরুরি সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) থেকে অনলাইনে ক্লাস কার্যক্রম শুরু হয়েছে। এর আগে গত সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সব হল খুলে দেয়া হয়। আগামী ২২ ফেব্রুয়ারি থেকে সশরীরে ক্লাস শুরু হতে পারে।