"সীমান্তে হত্যা জিরোতে আনা হবে": মির্জা ফখরুল

বুলেটিন নিউজ ডেস্ক

রাজনীতি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বলা হয়েছিল সীমান্তে হত্যা জিরোতে

2022-09-09T18:33:17+00:00
2022-09-09T21:09:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
"সীমান্তে হত্যা জিরোতে আনা হবে": মির্জা ফখরুল
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২, ৬:৩৩ পিএম  আপডেট: ০৯.০৯.২০২২ ৯:০৯ পিএম  (ভিজিট : ৩২৫)
X

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বলা হয়েছিল সীমান্তে হত্যা জিরোতে আনা হবে। যেদিন এ কথা বলা হয়েছে, সেদিনই দিনাজপুরের সীমান্তে একজনকে হত্যা করা হয়েছে আর দুজন নিখোঁজ হয়েছে, এই হচ্ছে প্রাপ্তি।

 প্রধানমন্ত্রীর ভারত সফরে বাংলাদেশের ‘দৃশ্যমান কোনো অর্জন’ নেই বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। 

আজ শুক্রবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পরে প্রধানমন্ত্রীর ভারত সফরে বাংলাদেশের কী অর্জন হয়েছে জানতে চাইলে বিএনপির মহাসচিব এ মন্তব্য করেন।

এ প্রসঙ্গে মির্জা ফখরুল আরও বলেন, ‘এই সফরে বাংলাদেশের অর্জন এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পারছি যে ৫৩ কিউসেক পানি কুশিয়ারা নদীর। এ ছাড়া এখন পর্যন্ত আমরা দৃশ্যমান কোনো অর্জন দেখতে পাইনি।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চার দিনের সফর শেষ করে গতকাল বৃহস্পতিবার রাতে দেশে ফিরেছেন। এ সফরকালে কুশিয়ারা নদীর পানি প্রত্যাহার, রেলের আধুনিকায়নসহ বিভিন্ন বিষয়ে ভারতের সঙ্গে সাতটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা আগেও বলেছি যে সরকার মরিয়া হয়ে উঠেছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে এ সফরের আগে পররাষ্ট্রমন্ত্রী (এ কে আব্দুল মোমেন) বলেছিলেন, তিনি ভারতীয় নেতৃবৃন্দের কাছে অনুরোধ করেছেন যে আওয়ামী লীগ সরকারকে যেকোনো উপায়ে টিকিয়ে রাখার জন্য তাঁরা যেন ব্যবস্থা নেন।’
ফখরুল বলেন, ‘আমরা সব সময় গণতন্ত্রে বিশ্বাস করি এবং এটা আমরা বিশ্বাস করি, যেসব দেশ গণতান্ত্রিক, তারা সব সময় সারা বিশ্বে গণতন্ত্র সমুন্নত রাখার জন্য, জনগণের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য তাদের ভূমিকা অক্ষুণ্ন রাখবে। ভারত আমাদের বন্ধুপ্রতিম দেশ, গণতান্ত্রিক দেশ। আমরা বিশ্বাস করি, ভারতও তাদের যে গণতান্ত্রিক চরিত্র, সেই চরিত্র অক্ষুণ্ন রাখবে।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন, ‘গত কয়েক সপ্তাহের মধ্যে আমাদের অসংখ্য নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে। ঠিক আগের মতো যেটাকে আমরা বলেছিলাম যে গায়েবি মামলা, সেই গায়েবি মামলা দেওয়া হচ্ছে। আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের তিনজন নেতা—যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতা, তাঁরা নিহত হয়েছেন।’

মির্জা ফখরুল বলেন, ‘আমি গতকাল দেখতে গিয়েছিলাম পাকুন্দিয়ায় মারাত্মকভাবে আহত ছাত্রদলের ১৪ বছরের এক ছেলেকে। তার ফুসফুসে গুলিবিদ্ধ হয়েছে, লিভারে গুলিবিদ্ধ হয়েছে, তার কিডনিতে গুলিবিদ্ধ হয়েছে। সে রক্তবমি করছে…ডাক্তারেরা আপ্রাণ চেষ্টা করছেন তার জীবন রক্ষার জন্য। এটা একটা ঘটনার কথা বললাম আমি। এ ছাড়া অনেকের চোখ চলে গেছে, কারও মাথা ফাঁক হয়ে গেছে।’

বিএনপি সন্ত্রাসে বিশ্বাস করে না, সন্ত্রাস করে না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘এখন পর্যন্ত আপনারা দেখেছেন যে মিডিয়াতে কোথাও কোনো সন্ত্রাসের চিত্র আসেনি। সন্ত্রাসের চিত্র যা এসেছে, আওয়ামী লীগের সন্ত্রাসের চিত্র এসেছে। ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীরা চড়াও হয়েছে গণতন্ত্রকামী মানুষের শান্তিপূর্ণ কর্মসূচির ওপরে। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং জনগণের শক্তি দিয়ে তাদের পরাজিত করব।’

জাতীয়তাবাদী মহিলা দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেলা ১১টায় সংগঠনটির সভানেত্রী আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের নেতৃত্বে নেতা-কর্মীদের নিয়ে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির মহাসচিব। পরে প্রয়াত নেতার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতেও অংশ নেন তিনি।

এ সময় মহিলা দলের হেলেন জেরিন খান, নাজমুননাহার বেবী, নেওয়াজ হালিমা আরলী, চৌধুরী নায়াব ইউসুফ প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বিকেলে মহিলা দল নয়াপল্টনের কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করবে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy