প্রকাশ: শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২, ৯:৪২ পিএম (ভিজিট : ২৭৯)

X
দীর্ঘ ১৯ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটিতে স্থান পেয়েছে ২৮৩ নেতা কর্মী।
শুক্রবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
এর আগে এবছরের জুলাই মাসের ১ তারিখ আসাদুজ্জামান আসলামকে সভাপতি ও সুজন মোল্লাকে সাধারণ সম্পাদক করে ছয় বছর পর জবি ছাত্রদলের কমিটি দেওয়া হয়। সংগঠনকে গতিশীল করার উদ্দেশ্যে তার ৪ মাস পরই জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন দলটির নেতৃবৃন্দ।
২৮৩ সদস্য বিশিষ্ট এ কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সহ-সভাপতি ৫৫ জন, যুগ্ম সাধারণ সম্পাদক ৬৭, সহ সাধারণ সম্পাদক ৫৬ জন, সাংগঠনিক সম্পাদক ১, সহ সাংগঠনিক সম্পাদক ৫৭, সম্পাদক ২৭ জন এবং সদস্য ১৮ জন। এ পূর্ণাঙ্গ কমিটিতে বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী পর্যন্ত স্থান পেয়েছে।
জানা যায়, সর্বশেষ ২০০৩ সালে তৎকালীন জগন্নাথ কলেজ থাকাকালীন ৮১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি হয়েছিলো। দীর্ঘ ১৯ বছর পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পূর্নাঙ্গ এ কমিটি ঘোষণা করা হয়।
পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার বিষয়ে শাখার সভাপতি আসাদুজ্জামান আসলাম বলেন, দীর্ঘ ১৯ বছরের শ্রমের ফসল হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বহুল কাঙ্খিত পূর্নাঙ্গ কমিটি উপহার দেয়ায় আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামীর অবশ্যম্ভাবী রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমানকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল দেশ ও জাতির কল্যানে রাজপথে সদা জাগ্রত থাকবে।
-বাবু/এ.এস