প্রকাশ: মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২, ৫:৩০ পিএম (ভিজিট : ১৯৯)

X
২০১৮-১৯ অর্থবছরের জন্য সবচেয়ে বেশি জাতীয় রপ্তানি ট্রফি পেয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপের ছয়টি প্রতিষ্ঠান।
মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেলে রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এসব ট্রফি তুলে দেবেন।
কৃষি প্রক্রিয়াজাত, প্লাস্টিক ও লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য রপ্তানিতে অনবদ্য ভূমিকা রাখায় দেশের শীর্ষ এ শিল্প গ্রুপকে স্বর্ণসহ ছয়টি রপ্তানি পদক দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
এ বছর ৭২টি কোম্পানি রপ্তানি পদক পেয়েছে। এর মধ্যে প্রাণ-আরএফএল পেয়েছে ৬টি।
এর আগে ২০১৬-১৭ ও ২০১৭-১৮ অর্থবছরে পাঁচটি করে রপ্তনি পদক পায় প্রাণ-আরএফএল। তবে এবার পদক সংখ্যায় আগের সংখ্যাকেও ছড়িয়ে যায় এ শিল্প গ্রুপ। এছাড়া রপ্তানিকারক হিসেবে এ নিয়ে টানা ১৮ বার সেরা রপ্তানিকারকের পুরস্কার পেয়েছে প্রাণ-আরএফএল।
গতবারের মতো এবারও এগ্রো প্রসেসিং খাতে (তামাকজাত পণ্য ব্যতীত) তিনটি পুরস্কারই পেয়েছে প্রাণ। এ খাতে প্রাণ ডেইরি লিমিটেড স্বর্ণপদক, প্রাণ এগ্রো লিমিটেড রৌপ্য ও প্রাণ ফুডস লিমিটেড ব্রোঞ্জপদক অর্জন করেছে। অন্যদিকে প্লাস্টিক পণ্য রপ্তানিতে রৌপ্য ও ব্রোঞ্জপদক পেয়েছে যথাক্রমে আরএফএল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ডিউরেবল প্লাস্টিক লিমিটেড ও বঙ্গ প্লাস্টিক ইন্টারন্যাশনাল লিমিটেড। পাশাপাশি লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য রপ্তানিতে ব্রোঞ্জ পদক পেয়েছে রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
প্রাণ ডেইরির পক্ষে প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী, প্রাণ এগ্রোর পক্ষে গ্রুপের পরিচালক (করপোরেট ফাইন্যান্স) উজমা চৌধুরী, প্রাণ ফুডসের পক্ষে প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা, রংপুর মেটালের পক্ষে আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল, ডিউরেবল প্লাস্টিকের পক্ষে কোম্পানির নির্বাহী পরিচালক তৌকিরুল ইসলাম এবং বঙ্গ প্লাস্টিকের পক্ষে কোম্পানির নির্বাহী পরিচালক মোহাম্মদ কাজী আব্দুল কাইয়ুম বাণিজ্যমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণ করার কথা রয়েছে।।
পুরস্কার প্রাপ্তির বিষয়ে প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, বিশ্বব্যাপী আমাদের পণ্যের চাহিদা দিন দিন বৃদ্ধি পাওয়ায় এসব পদক পাওয়া সম্ভব হচ্ছে। আমরা পদক প্রাপ্তিতে নিজেদের রেকর্ড নিজেরাই ভঙ্গ করতে সক্ষম হচ্ছি। টানা ১৮ বার সেরা রপ্তানিকারক পদক প্রাপ্তিতে আমরা গর্বিত।
প্রাণ-আরএফএল গ্রুপ ১৯৯৭ সালে ফ্রান্সে পণ্য রপ্তানির মাধ্যমে বৈদেশিক বাণিজ্যে পা রাখে। বর্তমানে বিশ্বের ১৪৫টি দেশে প্রাণ-আরএফএলের পণ্য পাওয়া যাচ্ছে। এ গ্রুপের পণ্যের সবচেয়ে বড় বাজার ভারত ও মধ্যপ্রাচ্য। এছাড়া আফ্রিকা, ইউরোপ, উত্তর ও দক্ষিণ আমেরিকাসহ বিশ্বের প্রায় সব প্রান্তেই প্রাণ-আরএফএলের পণ্য পৌঁছে গেছে।
বাবু/এসএম