মরক্কোর কাছে হেরেই বসল বেলজিয়াম

স্পোর্টস ডেস্ক

কাতার বিশ্বকাপ ২০২২

প্রথম ম্যাচে কানাডার বিপক্ষে তথৈবচ পারফর্ম্যান্স, তবু জয়টা এসেছিল। এবার হেরেই বসল মরক্কোর কাছে! তাও আবার ২-০ গোলে!প্রথম

2022-11-27T22:08:10+00:00
2022-11-27T22:08:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মরক্কোর কাছে হেরেই বসল বেলজিয়াম
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ২৭ নভেম্বর, ২০২২, ১০:০৮ পিএম   (ভিজিট : ১৯৫)
X

প্রথম ম্যাচে কানাডার বিপক্ষে তথৈবচ পারফর্ম্যান্স, তবু জয়টা এসেছিল। এবার হেরেই বসল মরক্কোর কাছে! তাও আবার ২-০ গোলে!

প্রথম ম্যাচে যে ক্রোয়েশিয়াকে বাগে পেয়েও হারানো হয়নি দলটির! সে আক্ষেপটা এবার এসে ঘোচাল আফ্রিকার দলটি। বেলজিয়ামকে স্তব্ধ করে দিলো ২-০ গোলের দারুণ এক জয়ে। এই হারের ফলে কেভিন ডি ব্রুইনাদের দলের গ্রুপ শ্রেষ্ঠত্ব তো বটেই, দ্বিতীয় রাউন্ডে ওঠাই পড়ে গেছে শঙ্কার মুখে।

আল থুমামা স্টেডিয়ামের ম্যাচটিতে বেলজিয়াম শুরু থেকেই মরক্কোর চেয়ে বেশি বলের দখল রেখেছে পায়ে। তবে সেটা প্রতিপক্ষ বিপদসীমা পর্যন্ত নিয়ে যেতে পারেনি আর।

উল্টো প্রথমার্ধ বিরতিতে মরক্কোই যেতে পারত এগিয়ে থেকে। বিরতির একটু আগে হেকিম জিয়েখের দারুণ ফ্রি কিকটা থিবো কোর্তোয়াকে ফাঁকি দিয়ে জড়ায় জালে। তবে মরক্কোর উদযাপনে বাগড়া দেয় ভিএআর, সেখানে দেখা যায় বলটা জালে জড়ানোর আগে ছুঁয়ে গিয়েছিল রোমান সাইসের মাথা, যিনি আবার ছিলেন অফসাইডে। তাই মরক্কোকে বিরতিতে যেতে হয় গোলশূন্য থেকেই।

তবে বিরতির পরই যেন খোলস ছেড়ে বেরোতে থাকে দুই দল। প্রথমার্ধে দুই দল মিলিয়ে যেখানে প্রতিপক্ষ গোলমুখে শট নিয়েছে একটি, বিরতির পর প্রথম সাত মিনিটেই শট হয়েছে এর দ্বিগুণ। 

গোলের অপেক্ষাটা অবশ্য এত সহজে শেষ হয়নি। দুই দল খেলায় তীব্রতা বাড়ায়, তাতে ট্যাকলের পরিমাণও বাড়ে পাল্লা দিয়ে। খেলার মাঝমাঠের দখল কেউই এককভাবে নিতে পারছিলেন না।

শেষমেশ মরক্কোই এই অপেক্ষা শেষ করে, যারা প্রথমার্ধে বল জালে জড়িয়েও পুড়েছে গোল না পাওয়ার বেদনায়। এই গোলটাও এলো ফ্রি কিক থেকেই। পার্থক্যটা হচ্ছে, সেবার ফ্রি কিকটা নিয়েছিলেন জিয়েখ, আর এবার নিলেন আবদেলহামিদ সাবিরি। ৭৩ মিনিটে ডান পাশ থেকে তার করা ফ্রি কিকটা অনেকটা একই ঢঙে গিয়ে আছড়ে পড়ে জালে। মরক্কোর ফুটবল বিশ্বকাপ ইতিহাসে ফ্রি কিক থেকে গোল করা প্রথম খেলোয়াড় বনে যান তিনি। আরও এক জায়গায় অনন্য হয়ে যান, এবারের বিশ্বকাপে তিনিই প্রথম, যিনি গোল করলেন ফ্রি কিক থেকে।

তবে মরক্কোর কাজটা শেষ হয়নি তখনই। হলো যোগ করা অতিরিক্ত সময়ে। প্রতি আক্রমণে উঠে আসা হেকিম জিয়েখ শেষ মুহূর্তে বল বাড়ান জাকারিয়া আবুখলালের কাছে, যার গোলটা পেতে কোনো সমস্যাই হয়নি। বেলজিয়ামের কফিনে শেষ পেরেকটা ঠোকা হয়ে গেছে তখনই। 

২-০ ব্যবধানে হারের ফলে বেলজিয়াম কিছুটা বিপদেই পড়ে গেছে। শেষ ম্যাচটিতে ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলতে হবে। একটু এদিক ওদিক হলেই বিদায়ঘণ্টা বেজে যেতে পারে বৈকি! বর্তমানে ২ ম্যাচে ৩ পয়েন্ট আছে দলটির ঝুলিতে, আছে তালিকার দ্বিতীয় স্থানে। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে উঠে গেছে মরক্কো।

বাবু/এসআর 






Loading...
Loading...


কাতার বিশ্বকাপ ২০২২ এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy