
ফ্রান্সের ব্যাক টু ব্যাক ফাইনাল। অন্যদিকে আট বছর পর বিশ্বকাপের ফাইনালে দুর্নিবার আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপের ফাইনালটা হবে রুদ্ধশ্বাস আর তুখোড় উত্তেজনাময়, তা অনুমেয়।
গ্রুপপর্বে সৌদি আরবের বিরুদ্ধে হার দিয়ে মিশন শুরু করা আর্জেন্টিনা পরের সব ম্যাচে দুর্দমনীয়। গ্রুপপর্বে তিউনিশিয়ার কাছে হারলেও ফ্রান্সও অপ্রতিরোধ্য। বিশেষ করে তাদের আক্রমণভাগ প্রশংসার দাবিদার।
অন্যবারের চেয়ে এবার আর্জেন্টিনার রক্ষণ বেশ মজবুত। সঙ্গে যোগ হয়েছে ধারালো আক্রমণভাগ। সব মিলিয়ে ফ্রান্স ও আর্জেন্টিনার ফাইনাল হবে জম্পেশ। এমনটাই মনে করছেন ফ্রান্সের অধিনায়ক ও গোলরক্ষক হুগো লরিস।
ফাইনাল নিয়ে ফরাসি গোলরক্ষক বলেন, ‘আর্জেন্টিনা অনেক বড় দল। কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে পারে, সেটা তারা দেখিয়েছে। আর্জেন্টিনার মেসির মতো একজন খেলোয়াড় আছে, ফুটবল খেলাটায় যে ছাপ রেখে দিয়েছে। একটা দারুণ ম্যাচ হওয়ার প্রবল সম্ভাবনা আছে ফাইনালে। সবকিছু নিজেদের পক্ষে রাখার চেষ্টা করব আমরা।’
আগামী ১৮ ডিসেম্বর লুসাইল স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে ফ্রান্স ও আর্জেন্টিনা। দুদলের সামনে তৃতীয়বারের মতো শিরোপা জয়ের হাতছানি। ১৯৯৮ বিশ্বকাপে ফ্রান্স প্রথমবারের চ্যাম্পিয়ন হয়। দ্বিতীয়বার হয় ২০১৮ বিশ্বকাপে। অন্যদিকে আর্জেন্টিনার দুই বিশ্বকাপ জয় অনেক আগে (১৯৭৮, ১৯৮৬)। ফ্রান্সের সামনে টানা দ্বিতীয় শিরোপা জয়ের সুযোগ। আর্জেন্টিনার জন্য তা ৩৬ বছর পর বিশ্বজয়ের মওকা।
বাবু/এসআর