প্রকাশ: রোববার, ২৫ ডিসেম্বর, ২০২২, ৬:৪৫ পিএম আপডেট: ২৭.০১.২০২৩ ৪:২০ পিএম (ভিজিট : ১৮৩)

X
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক্স ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের গ্রান্ডার, ড্রিল, ডিস্কোসহ অর্ধলাখ টাকার ব্যবহারিক যন্ত্রপাতি চুরি হয়েছে।
শনিবার (২৪ ডিসেম্বর) সকালে সাড়ে ৯টায় ওই ডিসিপ্লিনের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে এসে দেখেন শিল্পাচার্য জয়নুল আবেদীন ভবনের অন্তর্ভুক্ত ব্যবহারিক কক্ষের দরজার তালা ভাঙা এবং ভেতরে ১৬টি যন্ত্রপাতি উধাও। যন্ত্রপাতিগুলো কারুশিল্পের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের। তাদের মাস্টার্সের ফাইনাল চলমান।
শিক্ষার্থীরা জানান, বৃহস্পতিবারের পরীক্ষার পর শনিবার সকালে উডকলাজ ব্যবহারিক পরীক্ষা দিতে আসে সবাই। পরে তারা ব্যবহারিক রুমে ঢুকে দেখতে পান তাদের ব্যবহারিক যন্ত্রপাতি উধাও। এসব যন্ত্রপাতির মধ্যে ছিল ড্রিল মেশিন ২টি, জিস্কো মেশিন ৬টি, গ্রান্ডার মেশিন ৮টি। এছাড়া ৭টি হাতুড়ি ও ৭টি গ্যাসের ছোট স্প্রে-মেশিনও ছিল। শুক্রবার সকালে প্রহরীরা বুঝতে পারেন রুমের তালা ভাঙা। তারা বিভাগের শিক্ষকদের জানালেও শিক্ষার্থীদের জানানো হয়নি। শনিবার শিক্ষার্থীরা পরীক্ষা দিতে এসে দেখেন তাদের যন্ত্রপাতিগুলো নেই।
এ ঘটনায় নিরাপত্তা প্রহরীরা একে অপরকে দোষারোপ করছেন। জানা যায়, সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত আলাউদ্দিন আলাল, দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত শুকুর আলী, রাত ৯টা থেকে সকাল ৯টা পর্যন্ত জামিল ইরফান ও নুর ইসলাম পাহারার দায়িত্বে থাকেন।
শুক্রবার শুকুর আলী দায়িত্ব পালনকালে দুপুর ৩টার দিকে দরজার তালা ভাঙা দেখতে পান। পরে তিনি সকালের প্রহরী ও শিক্ষকদের বিষয়টি জানান।
এ বিষয়ে গ্রাফিক্স ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক টিএনএম নুরুল মোদ্দাসের চৌধুরী বলেন, পরীক্ষা যথারীতি চলবে। বিভাগের পক্ষ থেকে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, বিভাগ এই বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও নিরাপত্তা রক্ষার দায়িত্বে যেসব প্রহরীরা রয়েছেন তাদের অবহেলা আছে কিনা তা খতিয়ে দেখা হবে।
বাবু/জেএম