
সীমান্তে স্থিতিশীলতা ও সহযোগিতাপূর্ণ মনোভাবের জন্য বাংলাদেশসহ প্রতিবেশী ৫ দেশের প্রশংসা করেছেন মিয়ানমারের জান্তাপ্রধান মিন অং হ্লেইং। বুধবার দেশটির ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেওয়া এক ভাষণে বাংলাদেশ, ভারত, চীন, লাওস ও থাইল্যান্ডকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।
মিয়ানমারের সরকারি টেলিভিশন এমআরটিভি বুধবার মিন অং হ্লেইংয়ের ভাষণ সরাসরি সম্প্রচার করেছে। ভাষণে জান্তাপ্রধান বলেন, ‘আজ দেশের স্বাধীনতা দিবসে আমি মিয়ানমারের আন্তর্জাতিক ও আঞ্চলিক মিত্রদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। নানামুখী চাপ, সমালোচনা, হামলা সত্ত্বেও তারা আমাদের পাশে আছেন, সহযোগিতা করছেন— সেজন্য তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।’
‘আমাদের প্রতিবেশী দেশ চীন, ভারত, থাইল্যান্ড, লাওস ও বাংলাদেশের সঙ্গে আমরা ঘনিষ্ঠভাবে কাজ করছি এবং আমরা আশা করছি সীমান্তে স্থিতিশীলতা ও পারস্পরিক উন্নয়নের স্বার্থে ভবিষ্যতেও আমাদের এই ঐক্যবদ্ধ প্রয়াস অক্ষুন্ন থাকবে।’
বাবু/এসআর