প্রকাশ: সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:৪৬ এএম আপডেট: ০৬.০২.২০২৩ ৩:৪৬ পিএম (ভিজিট : ১৬১)

X
ভূমিকম্পে উত্তর সিরিয়ায় বিভিন্ন এলাকায় অন্তত ৪২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২০০ জন। দেশটিতে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। উদ্ধার অভিযান চলছে। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এএফপি এসব তথ্য জানিয়েছে।
এর আগে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে পুরো তুরস্ক। স্থানীয় সময় সোমবার ৪টা ১৭ মিনিটে হওয়া এই ভূমিকম্পের কম্পন দেশটির রাজধানী আঙ্কারাসহ তুরস্কের সব অঞ্চলে অনুভূত হয়েছে।
যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা ইউএসজিএস এক বিবৃতিতে জানিয়েছে, পরপর দুটি ভূমিকম্প হয়েছে তুরস্কে। প্রথমটি হয়েছে ভোর ৪টা ১৭ মিনিটে এবং সেটির মাত্রা ছিল ৭ দশমিক ৮, দ্বিতীয়টি ঘটে তার ১৫ মিনিট পর। সেটির মাত্রা ছিল ৬ দশমিক ৭।
বিবৃতিতে আরো বলা হয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় গাজিয়ানতেপ শহরের কাছে ভূপৃষ্ঠের ১৭ দশমিক ৯ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্প দুটির উৎপত্তিস্থল। তুরস্ক ছাড়াও সিরিয়া, লেবানন ও সাইপ্রাসেও কম্পন অনুভূত হয়েছে।
গাজিয়ানতেপ তুরস্কের অন্যতম শিল্পোৎপাদন কেন্দ্র নামে পরিচিত। এই শহর ও তার আশপাশের এলাকায় বেশ কিছু শিল্প-কারখানা গড়ে ওঠায় তুরস্কের অন্যতম জনবসতিপূর্ণ শহরও এটি।
সূত্র : এএফপি
-বাবু/এ.এস