ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, তুরস্কের মধ্যাঞ্চলে মঙ্গলবার আরেকটি নতুন ভূমিকম্প হয়েছে। এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫। গোলবাসি শহরের কাছে এই কম্পনের গভীরতা ছিল ১০ কিলোমিটার। (ইউএসজিএস)
ফ্রান্সভিত্তিক ইউরোপীয়-ভূমধ্যসাগর ভূমিকম্প কেন্দ্র এই কম্পনের মাত্রা ৫ দশমিক ৬ বলে উল্লেখ করেছে। তারা বলছে, গোলবাসির কাছে এই ভূমিকম্পের গভীরতা ছিল ২ কিলোমিটার।
উভয় সংস্থাই বলেছে, মঙ্গলবার গ্রিনিচ মান সময় (জিএমটি) সময় ৩টা ১৩ মিনিটে কম্পন হয়েছে। তবে এই বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
তুরস্কের গাজিয়ানতেপ শহরে গতকালের ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ৪,৩৬৫ জনের মৃত্যু হয়েছে।
সোমবার সকালে প্রাণঘাতী ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের পর সিরিজ আফটার শকে বারবার কেঁপে উঠেছে তুরস্ক। ইউএসজিএস জানিয়েছে, অন্তত ১০০টি আফটার শক হয়েছে।
ভূমিকম্পের মূল কেন্দ্র থেকে যতদূরে সরে গেছে আফটার শকের সংখ্যা ও মাত্রা হ্রাস পেয়েছে। তবে এখনও ৫ বা ৬ মাত্রার বেশি আফটার শক দেখা দিতে পারে। যার ফলে মূল ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন ও অবকাঠামোগুলোর আরও ক্ষয়ক্ষতি হতে পারে। এছাড়া উদ্ধার অভিযান ও ধ্বংসস্তূপে আটকে পড়াদের জন্য নতুন হুমকি দেখা দিতে পারে।