
তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চল ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ছয় হাজার ছাড়িয়েছে। এ ছাড়া দুই দেশে প্রায় ২৫ হাজার মানুষ আহত হয়েছেন। শক্তিশালী এ ভূমিকম্পে দুই দেশে কয়েক হাজার ভবন ধসে পড়েছে। খবর আলজাজিরার।
তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, ভূমিকম্পে দেশটিতে নিহতের সংখ্যা ৪ হাজার ৫৪৪ জনে দাঁড়িয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, এ ভূমিকম্পে দুই দেশে মোট আহত হয়েছেন ২৪ হাজার ৭৫২ জন। এর মধ্যে তুরস্কে আহত হয়েছেন ২১ হাজার ১০৩ জন এবং সিরিয়ায় ৩ হাজার ৬৪৯ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া ব্যক্তিদের উদ্ধারে প্রাণপণ চেষ্টা করছেন উদ্ধারকারীরা। কিন্তু ভারী বৃষ্টি ও তুষারপাতের কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। এ ছাড়া প্রচণ্ড ঠান্ডা তো আছেই।
অন্যদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সতর্ক করেছে, উদ্ধারকারীরা অনেক মৃত ব্যক্তির মরদেহ উদ্ধার করছেন। তাই নাটকীয়ভাবে নিহতের সংখ্যা বৃদ্ধি পেতে পারে। মৃত্যুর সংখ্যা আট গুণ বাড়তে পারে বলে সংস্থাটি সতর্ক করেছে।
বাবু/এসআর