প্রকাশ: রোববার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:৩৮ পিএম (ভিজিট : ১২০)

X
মানবপাচার আইনের মামলায় নৃত্যশিল্পী ইভান শাহরিয়ার সোহাগের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ১২ মার্চ ধার্য করেছেন আদালত। আদালত সূত্রে জানা যায়, রোববার (১৯ ফেব্রুয়ারি) এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল করতে পারেনি। তাই ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো.শাকিল আহাম্মদ নতুন এ দিন ধার্য করেন।
এর আগে দুবাই পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে মানবপাচারকারী চক্রের মূল হোতা আজম খান ও তার চার সহযোগীকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নৃত্যশিল্পী ইভানকে ২০২০ সালের ১১ সেপ্টেম্বর রাতে রাজধানীর নিকেতন থেকে গ্রেফতার করে সিআইডি।
২০২০ সালের ২ জুলাই আজম খানসহ নয়জনের বিরুদ্ধে মানবপাচার আইনে লালবাগ থানায় একটি মামলা করেন সিআইডির সহকারী পুলিশ সুপার মৃনাল কান্তি শাহ। মামলার আসামিরা হলেন- আলামিন হোসেন ওরফে ডায়মন্ড, স্বপন হোসেন, আজম খান, নাজিম, এরশাদ, নির্মল দাস, আলমগীর, আমান ও শুভ। মামলায় অজ্ঞাতনামা মানবপাচারকারীদের কথাও উল্লেখ করা হয়। ইভান শাহরিয়ার সোহাগকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
বাবু/এসআর