প্রকাশ: বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩, ৫:১৫ পিএম (ভিজিট : ১২৬)

X
তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ভাষণ ও সংবাদ সম্মেলন সরাসরি সম্প্রচারে দেশটির ইলেক্ট্রনিক মিডিয়া নিয়ন্ত্রক কর্তৃপক্ষ (পেমরা) যে নিষেধাজ্ঞা দিয়েছিল তা স্থগিত করেছে লাহোর হাইকোর্ট। বৃহস্পতিবার (০৯ মার্চ) বিচারপতি শামস মাহমুদ মির্জা এ রায় ঘোষণা করেন। তিনি এ বিষয়ে শুনানির জন্য রায়টি পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠান এবং আগামী ১৩ মার্চ পর্যন্ত শুনানি মূলতবি করেন।
পাকিস্তানের ইংরেজি দৈনিক দ্য ডনের প্রতিবেদনে বলা হয়, রোববার (০৫ মার্চ) ইমরানের ভাষণ ও সংবাদ সম্মেলন সরাসরি সম্প্রচারে নিষেধাজ্ঞা দেয়ে পেমরা। এরপর আদালতের দ্বারস্থ হন পিটিআই প্রধান। এ বিষয়ে ইমরান যুক্তি দিয়েছিলেন পেমরার আদেশটি ‘প্রতিহিংসা থেকে’ করা হয়েছে।
এদিকে লাহোর হাইকোর্ট যখন পিটিশনের শুনানি করছিলেন, তখন বিচারপতি মির্জা প্রশ্ন তোলেন ‘কীভাবে কোনো রাজনৈতিক দলের প্রধানের ওপর এ ধরনের নিষেধাজ্ঞা দেওয়া যেতে পারে। এটি বাকস্বাধীনতার পরিপন্থী।’ তখন পেমরার আইনজীবী বলেন, ‘এই মামলার শুনানি পূর্ণাঙ্গ বেঞ্চে হওয়া উচিত। আমি আদালতকে অনুরোধ করছি এটি তাদের এখতিয়ার নয়।’
অন্যদিকে, ইমরানের আইনজীবী বলেন, সাবেক প্রধানমন্ত্রীর ভাষণ ও সংবাদ সম্মেলন সরাসরি সম্প্রচারে পেমরা যে নিষেধাজ্ঞা দিয়েছে, সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারের লঙ্ঘন। তিনি আদালতের কাছে কর্তৃপক্ষের আদেশ বাতিল করার অনুরোধ করেন। এ সময় অতীতে ইসলামাবাদ হাইকোর্ট একই ধরনের নিষেধাজ্ঞার আদেশ বাতিল করেছিল বলে উল্লেখ করা হয়।
পিটিশনে আরও বলা হয়, পেমরা অধ্যাদেশের ৮ নম্বর ধারা অনুযায়ী, মোট সদস্যের এক-তৃতীয়াংশকে বৈঠকের জন্য কোরাম গঠন করতে হয়। কিন্তু যে বৈঠকে ইমরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আদেশ জারি করা হয়, সেখানে কেবল চেয়ারম্যান এবং তিনজন সদস্য ছিলেন। এর ফলে নিষেধাজ্ঞাটি ‘বিচারবহির্ভূত’ হয়ে ওঠে।
-বাবু/এ.এস