প্রকাশ: শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩, ৩:২৪ পিএম (ভিজিট : ১২৬)

X
যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি গরুর খামারে বিস্ফোরণের ঘটনায় ১৮ হাজার গরুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এছাড়া বিস্ফোরণে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। খবর বিবিসি।
চলতি সপ্তাহের শুরুতে ‘সাউথ ফর্ক’ নামের ওই ফার্মে বিস্ফোরণ ও আগুন লাগার ঘটনা ঘটে বলে খবরে বলা হয়।
টেক্সাসের স্থানীয় কর্তৃপক্ষের মতে, মিথেন গ্যাসের কারণে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় গত সোমবার সন্ধ্যায় ওই খামারে আগুন লাগার খবর জানতে পারেন তারা।
এছাড়া পুলিশের পক্ষ থেকে খামারের একটি ছবি প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, খামার থেকে প্রচুর কালো ধোঁয়া বের হচ্ছে।
খবরে বলা হয়, বিস্ফোরণের খবর পেয়ে দ্রুত সেখানে যান পুলিশ ও উদ্ধার কর্মীরা। আগুনে ঠিক কতগুলো পশু মারা গেছে তার সঠিক সংখ্যা জানা না গেলেও পুলিশের ধারণা, এ ঘটনায় অন্তত ১৮ হাজার গরু মারা গেছে। এছাড়া ঘটনাস্থল থেকে গুরুতর আহত এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, আগুন লাগার পর অনেক গরু হারিয়ে গেছে। কিছু গরু বেঁচে আছে। আবার এমন কিছু গরু আছে যেগুলো গুরুতর আহত হয়েছে, সেগুলোকে মেরে ফেলা ছাড়া উপায় নেই।
দেশটির দি এনিম্যাল ওয়েলফেয়ার ইনস্টিটিউটের (এডাব্লিউআই) কর্মকর্তা অ্যালি গ্রেঞ্জার বলেন, কোনো প্রাণীর এমন মৃত্যু মেনে নেওয়া যায় না। আমরা আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ধরনের দুর্ঘটনার ওপর বিশেষ দৃষ্টি রাখবে।
উল্লেখ্য, ২০১৮ সাল থেকে ২০২১ সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে খামারের প্রায় ৩ মিলিয়ন প্রাণী আগুনে পুড়ে মারা গেছে।
-বাবু/এ.এস