প্রকাশ: শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩, ১২:২১ এএম (ভিজিট : ১৩৪)

X
ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে সামরিক বাহিনীর গাড়ি বহরে সন্ত্রাসী হামলায় পাঁচ ভারতীয় সেনা সদস্য নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে কাশ্মীরের পুঞ্চ জেলায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে এনডিটিভি।
ভারতীয় সেনাবাহিনী বলছে, ভিম্বার গলি এলাকায় সেনা সদস্যদের একটি গাড়িতে গুলি চালায় সন্ত্রাসীরা। পরে গাড়িটি লক্ষ্য তারা গ্রেনেড ছোড়ে। এতে গাড়িটিতে আগুন ধরে যায়।
এ হামলায় সন্ত্রাসবিরোধী অভিযানে নিয়োজিত রাষ্ট্রীয় রাইফেলস ইউনিটের পাঁচ সদস্য মারা গেছেন বলে জানিয়েছে সেনাবাহিনী। এ ছাড়া হামলায় গুরুতর আহত আরেক সেনা সদস্যকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তিনি চিকিৎসাধীন আছেন।
ভারতীয় সেনাবাহিনীর নর্দার্ন কমান্ড সদরদপ্তর থেকে এক বিবৃতিতে জানানো হয়, হামলার সময় ওই এলাকায় ভারী বৃষ্টি হচ্ছিল। এ ছাড়া এলাকাটি নিচু হওয়ায় হামলাকারীরা সুবিধা করতে পেরেছিল।
এই হামলার জন্য কোন সন্ত্রাসী গোষ্ঠী দায়ী, সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি সেনাবাহিনী। তবে জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
এদিকে হামলার এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, ‘জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলার ট্র্যাজেডিতে আমি মর্মাহত। সেখানে একটি ট্রাকে হামলায় ভারতীয় সেনাবাহিনীর সাহসী সেনারা প্রাণ হারিয়েছেন। এই দুঃসময়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার সমবেদনা।’
বাবু/মম